কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
নিহত কামরুল ইসলাম (২৫) কুষ্টিয়ার দৌলতপুর থানার লালনগর গ্রামের আব্দুল গণি মাস্টারের ছেলে।
গত বছর কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত নারী ও শিশু নির্যাতন দমন মামলায় কামরুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
আদেশের পর গত বছরের ৪ জুন কামরুলকে রংপুর কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সোয়া ৭টার দিকে কামরুল শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করেন। তখনি তাকে কারা হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার উন্নতি না হলে রাত সোয়া ৮টায় তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
