২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশের অস্ত্র লুটের চেষ্টা ‘জামায়াতের’

যশোরের মণিরামপুর উপজেলায় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের একটি টহল দলের উপর হামলা চালিয়ে তাদের অস্ত্র লুটে নেয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:46 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার রাতে উপজেলার ঝাপা ইউনিয়নের নেঙ্গুড়হাটের কাছে হামলার মুখে পালিয়ে যাওয়া তিন পুলিশ সদস্য অস্ত্রসহ সাড়ে তিন ঘণ্টা পর থানায় ফিরে আসেন।

মনিরামপুর থানার ওসি আলী আযম খান জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য ওই এলাকার শাহপুর জামতলা এলাকায় টহলে ছিলেন। তখন একজন এসে পুলিশদের খবর দেয়, পাশের লক্ষণপুরে একজনকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে। পুলিশ সদস্যরা সেদিকে রওয়ানা হলে পথেই তাদের উপর হামলা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আক্রমণকারীদের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র ছিনিয়ে নেয়া।”

হামলার শিকার কনস্টেবল হাবিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে যাওয়ার পথে নেঙ্গুরহাটে লাঠিসোটা নিয়ে ‘ধর ধর’ বলে হঠাৎ করেই টেম্পুতে আক্রমণ চালায় একদল লোক। এ সময় টেম্পু থেকে তিন পুলিশ সদস্য ফজর করিম, সুভাষ ও আরিজুল ছিটকে পড়ে যান।

টেম্পুচালক ও হাবিব থানায় এসে পুলিশদের উপর আক্রমণ এবং তাদেরকে আটক রাখার খবর দেয়। খবর পেয়ে যশোর থেকে সহকারী পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল ও মণিরামপুর থানার ওসি রাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে যান।

টেম্পু থেকে পড়ে যাওয়া তিন পুলিশ সদস্য রাস্তার পাশের একটি ধান ক্ষেতে লুকিয়ে ছিলেন। রাত পৌণে ১টায় তারা সেই এলাকা থেকে অস্ত্রসহ থানায় আসেন বলে জানান কনস্টেবল হাবিবুর।

জেলার সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা হরতাল সমর্থকদের কাজ।

পুলিশ জানায়, মনিরামপুর উপজেলায় জামায়াত ইসলামীর বেশ শক্ত অবস্থান রয়েছে। এরমধ্যে ঝাপা ইউনিয়নে দলটির প্রচুর নেতাকর্মী রয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখান করে ঝাপা ইউনিয়নে প্রায় প্রতিদিন নারী ও শিশুদের নিয়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির কর্মীরা।

গত ৫ মার্চ এ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। তারা ওই এলাকায় এক যুবলীগকর্মীর বাড়িও জ্বালিয়ে দেয়।