চট্টগ্রাম বেপজা স্কুল-কলেজে গণস্বাক্ষর সংগ্রহে বাধা
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালনে বাধা দিয়েছেন চট্টগ্রাম বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।
বুধবার নগরীর ইপিজেড এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করতে একদল শিক্ষার্থী গেলেও অধ্যক্ষ কামরুল ইসলামের বাধায় তারা ফিরে আসেন।
স্বাক্ষর আনতে যাওয়া আবু রাখইনি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণজাগরণ মঞ্চের কর্মসূচি হিসেবে তারা সাতজন দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান।
“অধ্যক্ষর অনুমতি নিতে গেলে তিনি বিষয়টি ‘রাজনৈতিক’ মন্তব্য করে আমাদের স্বাক্ষর সংগ্রহে বাধা দেন,” বলেন তিনি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজে বাৎসরিক অডিট চলায় স্বাক্ষর সংগ্রহের অনুমতি দেয়া হয়নি।”
“এছাড়া এক্ষেত্রে বেপজা কর্তৃপক্ষের অনুমতিরও প্রয়োজন রয়েছে। তাদের কয়েকদিন পরে আসতে বলেছি।”
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের অধ্যক্ষ গত ২১ ফেব্রুয়ারি কোনো কর্মসূচি পালন করতে দেননি।
তারা আরো বলেন, জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিও পালন করতে দেননি অধ্যক্ষ।
কলেজের ইংরেজি বিভাগের দুই শিক্ষক গণজাগরণ আন্দোলনের কর্মসূচি পালন না করতে অধ্যক্ষকে পরামর্শ দিচ্ছেন বলে শিক্ষকরা জানান।
