‘নির্বাচনের আগেই দাবির কথা বলেছিলেন জওয়ানরা’
বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস।
দাবিগুলো ছিল রেশন বৃদ্ধি, পদোন্নতি, বিদেশে মিশনে পাঠানো এবং পোশাক বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত।
নির্বাচনের দিনও বিডিআর জওয়ানদের আট/দশ জন তার কাছে এসব দাবি তুলে ধরেন বলে জানানা সাংসদ তাপস।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রাজধানীর বকশিবাজার সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে পিলখানা হত্যা মামলার বিচারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে বুধবার সকালে সাংসদ তাপস সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম।
জেরায় জওয়ানদের দাবিগুলোর যৌক্তিকতা জানতে চেয়ে আসামিপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই সাংসদ বলেন, ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বরে বিডিআর জওয়ানরা তাদের দাবির কথা জানালে তিনি তা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।
বিদ্রোহ চলাকালে জওয়ানদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের কর্মকর্তাদের পিলখানার বাইরে যে সব বৈঠক হয় তাতে কোনো সেনা কর্মকর্তাকে হাজির করার শর্ত না দেয়ায় সময়ক্ষেপণ হয় এবং তাতে সেনা কর্মকর্তারা নিহত হন বলে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন।
এর জবাবে তাপস বলেন, “বিদ্রোহীরা খুবই কৌশলী ছিল। তারা নানা চতুরতা করে আমাদের সময় ক্ষেপণ করেছিল।”
তাপসের জেরা শেষে বেলা আড়াইটার দিকে ১১ মার্চ পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।
এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫৭৫ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে সরকারের মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও রয়েছেন।
চলতি মাসেই এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে এদিন আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
