২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাণ্ডবে বিএনপিও, ব্যবস্থা সন্ত্রাস দমন আইনে’

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক তাণ্ডবে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপিও ছিল।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 11:49 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

নিহত ৭ পুলিশসহ ৬৭

এই তাণ্ডবে জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ব্যবস্থা নেয়া হবে বলে মঙ্গলবার সংসদে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় জামায়াতি তাণ্ডব।

এতে সংঘর্ষে নিহতের সংখ্যা সাত পুলিশসহ ৬৭ জন বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সময়ে আগুন দেয়া হয় ট্রেনে, পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন, বিদ্যুৎ স্থাপনা। বিভিন্ন স্থানে সড়কে চলে নির্বিচারে ভাংচুর ও লুটপাট। হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও, যাতে নিহত হন একজন।

ঘটনা শুরুর চার দিন পর সংসদে দেয়া মন্ত্রীর ১৭ পৃষ্ঠার বিবৃতিতে এই তাণ্ডবের বিস্তারিত তুলে ধরা হয়, যা ৫০ মিনিট ধরে পড়েন তিনি।

মহীউদ্দীন খান বলেন, “জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটে। উচ্ছৃঙ্খল জামায়াত-শিবিরের সশস্ত্র তাণ্ডবে সমর্থন দেয় বিএনপি।

“জামায়াত-শিবিরের সশস্ত্র তাণ্ডবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উৎসাহ দেয় ও প্রত্যক্ষভাবে অংশ নেয় বলে জানা যায়।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে।

“আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা, সরকারি সম্পত্তি, এবং নিজেদের জীবন বাঁচাতে বাধ্য হয়ে গুলি ছোড়ে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, “একাত্তরে ২৫ মার্চ কালরাতেও রাজারবাগে পুলিশ বাহিনী ত্যাগ স্বীকার করেছেন। ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জীবন দিতেও তারা কুণ্ঠাবোধ করেননি।

হত্যাকাণ্ডের জন্য জামায়াত ও বিএনপিকে দায়ী করে তিনি বলেন, “বেআইনি কার্যকলাপ চালাতে উস্কানিদাতা জামায়াত ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের এই ৬৭ জনের মৃত্যুর দায় নিতে হবে।

“এ ধরনের ঘটনা সংঘটিত করা, জনসাধারণ ও রাষ্ট্রীয় সম্পত্তির যে বিনষ্ট হয়েছে- তারও দায় নিতে হবে। আমরা এ দায় তাদের ওপর বর্তে ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Image
রোববার বগুড়ার শাহজাহানপুরে সড়কে লাঠিসোঁটা নিয়ে হরতালকারীদের অবস্থান।

রোববার বগুড়ার শাহজাহানপুরে সড়কে লাঠিসোঁটা নিয়ে হরতালকারীদের অবস্থান।

মন্ত্রী জানান, তাণ্ডবের ঘটনায় ২৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭২ জনকে।

জামায়াতকে ‘সমর্থন’ দেয়ায় বিরোধীদলীয় নেতার সমালোচনা করেন মন্ত্রী।

“জামায়াতের হরতালে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ এটা প্রমাণ করে যে, জামায়াতের অভিপ্রায় ও নির্দেশে তারা সারাদেশে হত্যা ও নৈরাজ্য চালিয়ে যাওয়ার পক্ষপাতি।

“এসব ঘটনা বিশ্লেষণ করলে একথা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে, জামায়াত তাদের দলগত ও গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দলের অনুসরণীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করে ধ্বংসাত্মক কাজে নিজেদের প্রবৃত্ত করেছে।”

এই তাণ্ডব রাষ্ট্রের বিরুদ্ধে উল্লেখ করে মন্ত্রী বলেন, “জামায়াতের এ ধরনের ধ্বংসাত্মক কাজে সংশ্লিষ্টতা, সমর্থন করে নিজেদের ফ্যাসিবাদী চরিত্র ও ধর্মান্ধতাজনিত নেতিবাচক চরিত্রের প্রকাশ ঘটিয়েছে বিএনপি।”

ভারতের রাষ্ট্রপতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের সফরের সময় হরতাল ডাকারও সমালোচনা করেন তিনি।

বর্তমানে সার্বিক পরিস্থিতি ‘সম্পূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তা ধরে রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি তিনি বলেছেন, সরকার দেশের সব ধরনের হিংসাত্মক ঘটনা, নৈরাজ্য ও দুষ্কৃতী দমনে দৃঢ়প্রতিজ্ঞ।

সব নাগরিককে ধৈর্য ও সাহস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।