২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ৭ পুলিশসহ ৬৭

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর জামায়াতে ইসলামীর সহিংসতায় এই পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আরো জানান, তাণ্ডবের ঘটনায় ২৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭২ জনকে।

তাণ্ডবের জন্য জামায়াতের পাশাপাশি বিএনপিকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী জানান।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় জামায়াতি তাণ্ডব।

এই সময়ে আগুন দেয়া হয় ট্রেনে, পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন, বিদ্যুৎ স্থাপনা। বিভিন্ন স্থানে সড়কে চলে নির্বিচারে ভাংচুর ও লুটপাট। হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও।

ঘটনা শুরুর চার দিন পর সংসদে দেয়া মন্ত্রীর ১৭ পৃষ্ঠার বিবৃতিতে এই তাণ্ডবের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সহিংসতায় সোমবার পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা সবচেয়ে বেশি বগুড়ায়, ১০ জন।

সাতক্ষীরায় নয়জন, গাইবান্ধায় সাতজন, জয়পুরহাটে ছয়জন, ঠাকুরগাঁওয়ে ছয়জন এবং চট্টগ্রামে পাঁচজন নিহত হন।

এই সবগুলো জেলায়ই বিএনপি ও জামায়াতের শক্ত অবস্থান রয়েছে।

মহীউদ্দীন খান বলেন, “জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটে। উচ্ছৃঙ্খল জামায়াত-শিবিরের সশস্ত্র তাণ্ডবে সমর্থন দেয় বিএনপি।

“জামায়াত-শিবিরের সশস্ত্র তাণ্ডবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উৎসাহ দেয় ও প্রত্যক্ষভাবে অংশ নেয় বলে জানা যায়।”

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ ও রংপুরে তিনজন করে মারা যান। নোয়াখালী ও কক্সবাজারে মারা যান দুজন করে চারজন।

দিনাজপুর, নীলফামারী, নাটোর, মৌলভীবাজার, ঢাকা ও সিলেট একজন করে নিহত হন।

২৮ ফেব্রুয়ারি ৩০জন, ১ মার্চ ২জন, ২ মার্চ ৫জন, ৩ মার্চ ১৮জন, ৪ মার্চ ৪জন এবং ৫ মার্চ ১জন মারা যান।

পুলিশ সদস্যদের মধ্যে গাইবান্ধায় চারজন, চট্টগ্রাম, ঝিনাইদহ ও রংপুরে এক জন করে নিহত হন বলে  জানান মন্ত্রী।

Image
রাজশাহীর বিনোদপুরে ইসলামী ছাত্রশিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি।

রাজশাহীর বিনোদপুরে ইসলামী ছাত্রশিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি।

আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করে তিনি বলেন, “একাত্তরে ২৫ মার্চ কালরাতেও রাজারবাগে পুলিশ বাহিনী ত্যাগ স্বীকার করেছেন। ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জীবন দিতেও তারা কুণ্ঠাবোধ করেননি।”

জামায়াতে ইসলামীর দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১০ হাজার।

গ্রেপ্তারের সংখ্যা মন্ত্রী ১ হাজার ৭২ বললেও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা সন্ধ্যায় জানিয়েছেন, ২৩৫টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৫৭২জন।

সন্ত্রাস দমন আইনে এদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী।