বিএনপির হরতালের আগে বোমাবাজি-আগুন
জামায়াতের ডাকা হরতাল শেষে বিএনপির হরতাল শুরু হওয়ার আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হয়েছে।
সোমবার সন্ধ্যার পর বোমাবাজির পাশাপাশি কয়েকটি গাড়িতেও আগুন দেয়া হয়।
সন্ধ্যায় শেষ হয় জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতাল। এই হরতালের পর দলটি মঙ্গলবার বিএনপির ডাকা হরতালে সমর্থন জানিয়ে এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবা তারা পরবর্তী কর্মসূচি দেবে।
সোমবার সন্ধ্যার কিছু সময় পরই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একাধারে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই সড়কে একটি সিএনজি অটোরিকশায়ও আগুন দেয়া হয়।
রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ টেলিভিশনের দেয়ালে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন।
এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সন্ধ্যায় বিজয়নগরের একটি মসজিদে নিজের ব্যাগে রাখা হাতবোমার বিস্ফোরণে যুবদলের এক কর্মী আহত হন বলে পুলিশ জানিয়েছে।
তেঁজগাও থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয়নগর এলাকার তেজগাঁও জামে মসজিদের ভেতরে নিজের ব্যাগে লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন মতিঝিল থানা যুবদল কর্মী মাসুদ।
জামায়াতের টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব সদস্যদের সতর্ক অবস্থান।
পল্লবীতে সিটিক্লাবের সামনে ‘শিখর পরিবহনের’ একটি বাসে আগুন দেয়া হয় রাত সোয়া ৮টার দিকে।
পল্লবী থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থকরা বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেইটে একটি বাসে আগুন দেয়া হয়।
গাজীপুরে সন্ধ্যায় সদরের নলজানী, চান্দনা-চৌরাস্তা, নগরপাড়া ও নাওজোর এলাকায় গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন দেয়।
এদিকে রাত পৌনে ৮টার দিকে জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু নাঈম মোল্লা ও অফিস সম্পাদক আব্দুল বাছেদকে দলীয় কার্যালয়ের পাশ থেকে আটক করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝালকাঠী প্রতিনিধি জানান, সন্ধ্যার পর থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে বেশ কটি বোমা বিস্ফোরণ ঘটে।
রাত ৮টার পর শহরের সাধনার মোড় এলাকায় পরপর দুটি বোমা বিস্ফোরণের পর ছাত্র ও যুবলীগ কর্মীদের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
আরো কয়েকটি জেলা থেকেও বোমাবাজির খবর পাওয়া গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব শুরু হয়, এতে সংঘর্ষে নিহত হয় ৩৫ জন।
এরপর সহিংসতা চলতে থাকে। দলীয় কর্মী নিহতের প্রতিবাদে রোব ও সোমবার হরতাল ডাকে জামায়াত। পরে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের জোটসঙ্গী বিএনপিও মঙ্গলবার হরতাল ডাকে।
জামায়াতের হরতালের মধ্যে বিভিন্ন স্থানে গাড়ি ও দোকানপাট ভাংচুরে পাশাপাশি ট্রেনে আগুন দেয়া হয়।
সোমবার বিকালে কমলাপুরে একটি ট্রেনে আগুন দেয়া হয়, আগুন দেয়া হয় চট্টগ্রামের বাড়বকুণ্ডে পরিত্যক্ত রেল স্টেশনে। সকালে বোমার বিস্ফোরণ ঘটানো হয় কারওয়ান বাজারে, যেখানে সোনারগাঁও হোটেলে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
এর মধ্যে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও হামলা হয়। এতে চট্টগ্রামে নিহত হন একজন।
