২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে ঢিলেঢালা হরতাল

জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজপথে হরতালকারীদের খুব একটা তৎপরতা দেখা না গেলেও সরব ছিল হরতালবিরোধীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 12:50 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

সোমবার বিকালে কমলাপুরে ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় একটি বগি। আর দুপুরে হোটেল সোনারগাঁওয়ের সামনে হাতবোমা ফাটানো হয়, যে হোটেলে অবস্থান করছেন সফররত ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  

সকালের অংশে জামায়াত কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে থাকে। অফিস আদালতেও যথারীতি কাজকর্ম চলে।

বিকালে জামায়াতের এক বিবৃতিতে হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে বলা হয়, মঙ্গলবার তারা পরবর্তী কর্মসূচি দেবে।

সোমবার সকাল থেকেই নগরীতে রিকশা, অটোরিকশা ও অভ্যন্তরীণ রুটের বাস চলতে দেখা যায়। এদিন রাজধানীতে যান চলাচল ছিল রোববারের চেয়ে বেশি। প্রাইভেটকারও দেখা যায় আগের দিনের চেয়ে বেশি।

রাজধানীর প্রধান সড়কগুলোতে যাত্রীবাহী বাস চললেও দূরপাল্লার বাস বন্ধ ছিল।

Image
রাজধানীর অনেক স্কুলের মতো দনিয়ার এই স্কুলেও হরতালের মধ্যে ক্লাস চলে

রাজধানীর অনেক স্কুলের মতো দনিয়ার এই স্কুলেও হরতালের মধ্যে ক্লাস চলে

নগরীর গুরুত্বপূর্ণ সব মোড়ে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। নাশকতা এড়াতে টহলও দিতে দেখা যায় তাদের।

জামায়াতে ইসলামীর ডাকা এ হরতাল প্রত্যাখ্যান করে এদিনও রাজধানীতে মিছিল করে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। শাহবাগ থেকে কারওয়ানবাজার ঘুরে বাংলামোটর হয়ে আবার শাহবাগে ফিরে আসে মিছিলকারীরা।

কয়েক হাজার মানুষ মিছিলে যোগ দিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগানে কাঁপিয়ে তোলে রাজপথ।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনকেও রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল করতে দেখা যায়।

সকালে রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকায় একটি হাত বোমায় বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হয় নিজের বাসার বারান্দায় থাকা এক স্কুলছাত্র।  

আহত জুনায়েদুল হক তন্ময় (১৩) বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার মুখের বা পাশে ছররা গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে মতিঝিল থানার পেট্রল ইনস্পেক্টার শেখ আবুল বাশার জানান ।

এছাড়া রাজধানীর নয়াবাজারের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত মো. মোশাররফ হোসেন বকুলকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Image
সোমবার বিকালে কমলাপুর স্টেশনে উপকূল এক্সপ্রেসের একটি বগি পুড়িয়ে দেয়া হয়

সোমবার বিকালে কমলাপুর স্টেশনে উপকূল এক্সপ্রেসের একটি বগি পুড়িয়ে দেয়া হয়

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত -শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় তারা।

হরতালের প্রথম দিন বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হন। 

সোমবার ঢাকার বাইরে ব্যাপক সহিংসতা না হলেও সাতক্ষীরার কলারোয়ায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে দুইজন নিহত হন।

সিরাজগঞ্জে সংঘর্ষে এক কিশোর নিহত হন এবং রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরে পুলিশের উপস্থিতিতেই শহীদ মিনারে ভাংচুর চালায় জামায়াত-শিবির কর্মীরা।

বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের প্রতিবাদে মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাদের জোটসঙ্গী বিএনপি।