কমলাপুরে ট্রেনে আগুন
দেশের বিভিন্ন স্থানে রেললাইনে নাশকতার পর এবার রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু কমলাপুর স্টেশনেই ট্রেনে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস সোমবার বিকাল সোয়া ৪টার দিকে কমলাপুরে পৌঁছানোর পরপরই এর শেষের বগি দাউ দাউ করে জ্বলে ওঠে। এর ঠিক আগেই স্টেশন এলাকার মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি হাতবোমা।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, ট্রেনে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট কমলাপুর স্টেশনে যায়।
তবে তারা পৌঁছানোর আগেই রেল কর্মীরা পানি দিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে শেষের বগি থেকে মূল ট্রেনকে বিচ্ছিন্ন করে সরিয়ে নেন রেলকর্মীরা।
তারা জানান, আগুনে শেষের বগিটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে। এর লাগোয়া বগিটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রেনে আগুন দেয়ার খবর পেয়েই কমলাপুরে ছুটে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপির উস্কানিতে জামায়াত-শিবির চক্র, যারা গত কয়েক দিন ধরে সারা দেশে নাশকতা চালিয়ে আসছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে।”
একটি বগি পুড়ে যাওয়ায় রেলওয়ের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান মন্ত্রী।
রেল পুলিশের ডিআইজি সোহরাব হোসেন জানান, ট্রেনে আগুন দেয়ার মিনিট পাঁচেক আগে কমলাপুর ওভারব্রিজ থেকে স্টেশনের সীমানার ভেতর সাত নম্বর প্লাটফর্মের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেদিকে খোঁজ নিতে গেলে এদিকে ট্রেনে আগুন লাগানো হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে অথবা ট্রেনে আগুন দেয়ার সংকেত দিতেই ককটেলটি ফাটানো হয় বলে সোহরাব হোসেনের ধারণা।
তিনি বলেন, “গত কয়েক দিনের ঘটনায় আমরা রেলের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছি। তারপরও এ ঘটনা ঘটল। যাত্রীবেশে ট্রেনে থাকা দুর্বৃত্তরাই প্ল্যাটফর্মে পৌঁছে এ ঘটনা ঘটিয়েছে। এরপর আমাদের আরো সতর্ক হতে হবে।”
স্টেশন ম্যানেজার খায়রুল বশির সাংবাদিকদের জানান, ১৯টি বগির মধ্যে পোড়া বগিটি রেখে বাকি বগিগুলো নিয়ে আবার নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে উপকূল এক্সপ্রেস।
ট্রেনে আগুন লাগার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।
এতো লোকের মধ্যে ট্রেনে আগুন লাগিয়ে দেয়ার পরও কেউ নাশকতাকারীদের দেখতে পেল না বা কাউকে ধরা গেল না কেন জানতে চাইলে তিনি বলেন, “যাত্রীবেশে কেউ নাশকতা ঘটালে আমাদের পক্ষে ধরা খুব কঠিন।”
যুদ্ধাপরাধের মামলায় গত বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। ওই দিনই ফেইসবুকে জামায়াত-শিবিরপন্থীদের পেইজ হিসাবে পরিচিত ‘বাঁশের কেল্লা’য় রেললাইন তুলে ফেলাসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনার কথা বলা হয়।
ওইদিনই চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে মহানগর গোধূলী।
এরপর শনিবার গভীর রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের বিপুলাসারে উপড়ে ফেলা হয় রেলপথ। লাইনের ওপর কাঠ জড়ো করে আগুন দেয়া হয় কুমিল্লায়। রাজশাহী রেল স্টেশনে আন্তঃনগর সিল্কসিটির তিনটি বগি পুড়িয়ে দেয় যাত্রীবেশী ২০-২৫ জন যুবক।
রোববার হরতালের মধ্যে পার্বতীপুর-ঢাকা-খুলনা রেলপথে জয়পুরহাট এলাকায় রেলপথের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ দেয় জামায়াত কর্মীরা। জঙ্গি মিছিল নিয়ে বগুড়া রেলস্টেশনে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। সরকারি আজিজুল হক কলেজ ও শহরতালীর সাতগ্রাম এলাকায় রেল লাইন উপড়ে ফেলায় বগুড়া হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে ২৮ ঘণ্টা।
এসব ঘটনার পেছনে জামায়াতে ইসলামীর জড়িত থাকার কথা বলেছেন, পুলিশ ও রেল কর্মকর্তারা। উদ্ভূত পরিস্থিতিতে রেলপথের নিরাপত্তা বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।
রেললাইনের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা বাড়ানো হয়েছে। প্রতিটি গাড়িতে রেল পুলিশের সংখ্যা ১২ জন থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জিআরপি ও আরএনবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
