২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার ‘লক্ষ্য’ যোগাযোগ ব্যবস্থা

লাগাতার দুই দিন হরতালের প্রথম দিন রাজধানীর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত বলে মনে হলেও বগুড়া, জয়পুরহাট, রাজশাহীসহ বিভিন্ন স্থানে বাপক সহিংসতা চালিয়েছে জামায়াত কর্মীরা। আক্রমণের একটি প্রধান লক্ষ্য ছিল যোগাযোগ ব্যবস্থা।

মঈনুল হক চৌধুরী

ও শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:52 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলে স্টেশন ভাংচুর ও ট্রেনে আগুন দেয়ার ঘটনা যেমন ঘটেছে, তেমনি পুড়িয়ে দেয়া হয়েছে পণ্যবাহী ট্রাক ও বাস।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রোববার সংসদে বলেন, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে দেশের যোগাযোগ্য ব্যবস্থায় হামলা করছে।

“তাদের লক্ষ্যস্থল দেশের যোগাযোগ ব্যবস্থা, সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করা। তাদের ব্লগ বাশের কেল্লায় এ নিয়ে ১০টি করণীয় ঠিক করা হয়েছ।”

সম্প্রতি জামায়াতপন্থী হিসাবে পরিচিত এই ফেইসবুক গ্রুপের পোস্টে নাশকতার মাধ্যমে রেলপথ ও যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করার পরিকল্পনার কথা বলা হয়।  

এই প্রেক্ষাপটে রেল লাইন ও স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়।  

হরতালের আগের রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সিল্কসিটির তিনটি বগি পুড়িয়ে দেয় যাত্রীবেশী ২০-২৫ জন যুবক, যারা জামায়াত-শিবিরের কর্মী বলে ধারণা করছে পুলিশ।

শনিবার গভীর রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের বিপুলাসারে উপড়ে ফেলা হয় রেলপথ। ফলে দুই দিক থেকে ছেড়ে আসা ট্রেনগুলো মাঝপথে আটকা পড়ে। লাইন মেরামতের পর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই পথে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে নোয়াখালীর স্টেশন মাস্টার মানিকলাল দাস জানান।

এছাড়া রাতে কুমিল্লায় লাইনের ওপর কাঠ জড়ো করে আগুন দেয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয় বলে রেল কর্মকর্তারা জানান। 

Image
কুমিল্লার মনোহরগঞ্জে উপড়ে ফেলা রেললাইন মেরামত চলছে

কুমিল্লার মনোহরগঞ্জে উপড়ে ফেলা রেললাইন মেরামত চলছে

Image
বৃহস্পতিবার ফেনীতে লাইনচ্যুত মহানগর গোধূলী

বৃহস্পতিবার ফেনীতে লাইনচ্যুত মহানগর গোধূলী

রোববার হরতালের মধ্যে পার্বতীপুর-ঢাকা-খুলনা রেলপথে জয়পুরহাট এলাকায় রেলপথের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ দেয় জামায়াত কর্মীরা। ফলে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস পার্বতীপুর রেল স্টেশনে আটকা পড়ে এবং ওই লাইনে ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে।

সকালে জঙ্গি মিছিল নিয়ে বগুড়া রেলস্টেশনে হামলা চালিয়ে আগুন দেয় হরতালকারীরা। সরকারি আজিজুল হক কলেজ ও শহরতালীর সাতগ্রাম এলাকায় রেল লাইন উপড়ে ফেলায় বগুড়া স্টেশন হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

হরতালের কারণে সকালে অধিকাংশ রুটে দূরপাল্লার বাস বা পণ্যবাহী ট্রাক চলাচল ছিল এমনিতেই কম। এর মধ্যেও বাস বা ট্রাক নিয়ে বেরিয়ে জামাযাত-শিবিরের হামলার শিকার হন অনেক চালক। অনেক জেলাতেই গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করার চেষ্টা চলে।

ভোরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে যশোর-খুলনা মহাসড়কে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। চুয়াডাঙ্গার উথলীতে পুড়িয়ে দেয়া হয় দর্শনাগামী সোহেলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কেও একটি বাস পোড়ায় শিবিরকর্মীরা।

সাভারের আশুলিয়ায় একটি ট্রাকে জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া পিকেটাররা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

বেনাপোলে রপ্তানি পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেয় দুষ্কৃতীরা, যার পেছনে জামায়াত-শিবিরের নাশকতা রয়েছে বলে স্থানীয়রা মনে করেন।

কুষ্টিয়া সদর থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনীতে একটি ট্রাকে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১৪ মাইল এলাকায় আরেকটি ট্রাকে জামায়াত-শিবির কর্মীরা আগুন ধরিয়ে দেয়।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির কর্মীরা। ওই দিনই ফেইসবুকে জামায়াত-শিবিরপন্থীদের পেইজ হিসাবে পরিচিত ‘বাঁশের কেল্লা’য় রেললাইন তুলে ফেলাসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনার কথা বলা হয়।

‘কিছু করণীয় বিষয়’ শিরোনামের ওই পোস্টের ১০টি বিষয়ের মধ্যে প্রথম তিনটি ছিল- “এই মুহূর্তে সকল রেল লাইন উপড়ে ফেলে দিতে হবে। সকল লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালকে বিকল করতে হবে। ঢাকাকে সকল জেলা থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।”

Image
হরতালে দিনাজপুর-ঠাঁকুরগাঁও মহাসড়কে গাছ ফেলে সৃষ্টি করা হয় অবরোধ

হরতালে দিনাজপুর-ঠাঁকুরগাঁও মহাসড়কে গাছ ফেলে সৃষ্টি করা হয় অবরোধ

Image
কুষ্টিয়ায় শিবির কর্মীরা একটি ট্রাকে আগুন দেয়ার পর নেভানোর চেষ্টা করছে অগ্নি নির্বাপক বাহিনী

কুষ্টিয়ায় শিবির কর্মীরা একটি ট্রাকে আগুন দেয়ার পর নেভানোর চেষ্টা করছে অগ্নি নির্বাপক বাহিনী

ওইদিনই চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে আন্তনগর ট্রেন মহানগর গোধূলী।

এসব ঘটনার পেছনে জামায়াতে ইসলামীর জড়িত থাকার কথা বলেছেন, পুলিশ ও রেল কর্মকর্তারা।  উদ্ভূত পরিস্থিতিতে রেলপথের নিরাপত্তা বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।   

কমলাপুর রেল স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেললাইনের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা বাড়ানো হয়েছে। প্রতিটি গাড়িতে রেল পুলিশের সংখ্যা ১২ জন থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জিআরপি ও আরএনবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

নাশকতা ঠেকাতে রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে রেল সেতুগুলোতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা,  স্থানীয়দের সহায়তায় লোকোমোটিভ শেডে নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলবাহী ট্যাংকারগুলোর জন্য বিশেষ নিরাপত্তা এবং রেলপথের স্পর্শকাতর স্থানগুলোর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, “এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারও অবহেলা বরদাশত করা হবে না।”

রেলপথ সচিব মোহাম্মদ মহবুব-উর-রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।