লাকসাম-নোয়াখালী পথে ৬ ঘণ্টা পর রেল স্বাভাবিক
জামায়াতের ডাকা হরতালে রেললাইন উপড়ে ফেলার ছয় ঘণ্টা পর লাকসাম-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
লাকসাম রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি পরিতোষ সাহা সাংবাদিকদের জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে জামায়াত-শিবির কর্মীরা রেললাইনের কিছু অংশ তুলে ফেললে লাকসাম- নোয়াখালী পথে ছয় ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।
সকাল ৯টায় লাকসাম থেকে শাটল ট্রেন নিয়ে রেলওয়ে কর্মীরা রেললাইন পুনঃস্থাপন কাজ শুরু করেন। সকাল ১১টা ৪০ মিনিটে রেললাইন পুনঃস্থাপন কাজ শেষ করার পর যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান কুমিল্লার সহকারী স্টেশন মাস্টার শফিকুর রহমান।
এদিকে শনিবার রাত সাড়ে সাড়ে দশটায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ায় রেললাইনের পাশে কাঠ, বাঁশ দিয়ে আগুন ধরানো হয়। তবে সঙ্গে সঙ্গেই রেলওয়ে সদস্যরা আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে জানান জিআরপি থানার ওসি।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে আন্তনগর ট্রেন মহানগর গোধূলী।
এর আগে শনিবার রাতে রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসব ঘটনার পেছনে জামায়াতে ইসলামীর জড়িত থাকার কথা বলেছেন, পুলিশ ও রেল কর্মকর্তারা।
