২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 06:53 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এই সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াতের তাণ্ডবের মধ্যে শনিবার এই দুজন মারা গেলেন।

নিহতরা হলেন- আবু তাহের (২৫) ও শহীদুল ইসলাম (১৩)। তাহের বাড়ি উপজেলার ঢেমশা গ্রামের আবদুর রশিদের ছেলে। শহীদুলের বাড়ি আজিমপুর গ্রামে।

বৃহস্পতিবার রায়ের পর সাতকানিয়া ও লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা।

শনিবার সকালে তাদের উঠিয়ে দিতে গেলে এই সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।

সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার মাথায় এই সংঘর্ষ চলে।

সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরকর্মীরা সকাল থেকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস ভাংচুর এবং আগুন দেয়ার চেষ্টা করে।

পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় শিবিরকর্মীরা। এতে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ওসি বলেন, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে শিবিরকর্মীরাও গুলি ছোড়ে।

সাতকানিয়ার একাধিক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মহাসড়কে থেমে থেমে সংঘাত দুপুর পর্যন্তও চলছিল।

সাতকানিয়া ও লোহাগাড়ার বৃহস্পতিবারও ব্যাপক সংঘর্ষ হয়। লোহাগাড়ায় এক পুলিশসহ দুজন নিহত হন। এছাড়া বাঁশখালীতে শিবিরের হামলায় নিহত হন এক হিন্দু বৃদ্ধ।

মিরসরাই ও সীতাকুণ্ডে ভাংচুর-আগুন

শনিবার সকালে ঝটিকা মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পণ্যবাহী কাভার্ড ভ্যান ও ট্রাকে আগুন এবং বিভিন্ন যানবাহন ভাংচুর করেছে শিবিরকর্মীরা।

পুলিশ জানায়, সীতাকুণ্ড বটতলে একটি কাভার্ড ভ্যান ও ট্রাকে আগুন দেয় শিবিরকর্মীরা। এর আগে শুক্রবার গভীর রাতে পৌরসদরের কাছে একটি ট্রাকে আগুন দেয়া হয়।

অন্যদিকে মহাসড়কের মিরসরাই বাদামতলীর কাছে দুটি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করা হয়।

মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরকর্মীরা সকাল ৭টার দিকে ঝটিকা মহাসড়কে ওঠে মিছিল করে এবং যানবাহন ভাংচুর করে। এসময় তাদের ধাওয়া দিয়ে সাতজনকে আটক করা হয়।

সীতাকুণ্ডে দুটি স্থানে গাড়িতে আগুন দেয়ার বিষয়টি জানান সংশ্লিষ্ট থানার ওসি সামিউল আলম। সীতাকুণ্ডে ভাংচুরের ঘটনায় পাঁচজনকে আটক করার বিষয়টি জানান তিনি।