২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীর ‘অবরুদ্ধ দিনলিপি’

দলীয় কার্যালয়ে ৫৯ দিন ‘অবরুদ্ধ’ থাকার দিনলিপি নিয়ে বই লিখেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার রাতে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে রিজভীর ‘অবরুদ্ধ দিনলিপি’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ওই সময়টা কাটিয়েছেন কারাগারে।

এশিয়া পাবলিকেশন্স ৯৬ পৃষ্ঠার ওই গ্রস্থটি প্রকাশ করে যার মূল্য রাখা হয়েছে ১৭৫ টাকা।

প্রকাশনা অনুষ্ঠানে লেখক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংবাদিক শফিক রেহমান, রঞ্জু রায়, আবু দারদা জুবায়ের, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচির দিন ঢাকা সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা অপসারণের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগসহ দুইটি মামলার আসামি করা হয় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও রিজভীকে।

পরদিন ১০ ডিসেম্বর নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে বিএনপি কার্যালয় থেকে বের হননি রিজভী।

দীর্ঘ ৫৯ দিন দলের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকার পর উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিন পান রিজভী। এই অবরুদ্ধ জীবনের ওপর লেখা এই বইয়ে রাজনীতির নানা বিষয়ের নিজের মতামত প্রকাশ করেছেন বিরোধী দলের এই নেতা।