২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৭ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

পুলিশের উপর হামলার মামলায় সিলেটের বিয়ানীবাজারে ৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের শহীদটিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিল্লাদ আহমদ (৩৪), আবুল কাশেম (৩৩), আলীম উদ্দিন (৪১), মজিদ উদ্দিন (৩০), আমির হোসেন চৌধুরী (৪১), আব্দুল মুকতাকিব (২৭) ও আব্দুস ছামাদ (২২)।

তারা বৃহস্পতিবার পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী।

ওসি আরো বলেন, বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা হওয়ার পর বিকেল ৩ টায় জামায়াত-শিবির কর্মীরা শহরে ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় আহত পুলিশের এসআই খন্দকার জাহাঙ্গীর কবির বাদী হয়ে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৮৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ শ’ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

সন্ধ্যায় পৌরশহরের শহীদটিলায় তল্লাশি চৌকি বাসিয়ে একটি মাইক্রোবাস থেকে এই ৭ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।