২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাইঘাটে দোকানপাটে জামায়াত-শিবিরের হামলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের জেরে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের একটি বাজারে দোকানপাটে হামলা ও ভাংচুর চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

রাত ৮ টার দিকে গাছবাড়ি বাজারে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল হাই বলেন, ৪০-৫০ জন জামায়াত-শিবিরকর্মী গাছবাড়ি বাজারে ব্যবসায়ী জামাল উদ্দিন, এখলাছুর রহমান, ফারুক আহমদ, মাসুক আহমদ ও ডা. রণজিতের দোকান ভাংচুর করে।

এসময় তারা দোকানের মালপত্রও লুট করে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানায়। পরে জামায়াত-শিবির কর্মীরা বাজারের পাশে রাস্তায় ডাল ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে চলে যায়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কানাইঘাটের গাছবাড়িতে পুলিশের গাড়িতে হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।