‘বিএনপি গণহত্যাকারীদের পক্ষে মাঠে নেমেছে’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে ফিরেই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধীদল বিএনপি একাত্তরের গণহত্যাকারীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে।
খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের ‘প্রত্যক্ষ দোসর’ আখ্যায়িত করে নাসিম বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী ‘একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর’ ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াত ছাড়া সর্বস্তরের মানুষ এ রায়কে গ্রহণ করেছে। আর জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি।
“জামায়াত-শিবির সুপরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর হামলা করেছে তারা। এদের কাছে দেশের স্বাধীনতা নিরাপদ নয়।”
যারা একাত্তরে ত্রিশ লাখ মানুষকে হত্য করেছে, দুই লাখ মা-বোনকে নির্যাতন করেছে, বিএনপি সেই গণহত্যাকারীদের পক্ষ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এই আওয়ামী লীগ নেতা বলেন, “তাদের (বিএনপি) প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির সারাদেশে তাণ্ডব চালাচ্ছে।
রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার হারতালও ডেকেছে জামায়াত।
সাঈদীর রায়ের সময় খালেদা জিয়া ছিলেন সিঙ্গাপুরে। তিনি চিকিৎসার জন্য গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যান। বৃহস্পতিবার দেশে ফিরেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এবং শুক্রবার বিকালে দেশের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
বৃহস্পতিবারের সহিংসতার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, “আইনে আছে সংক্ষুব্ধ ব্যক্তিরা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। এর পরেও কেন নৃশংসতা?
জামায়াত-শিবিরের এই ‘নাশকতা’ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
‘স্বাধীনতাবিরোধীদের তাণ্ডবের’ প্রতিবাদে এই সংবাদ সম্মেলন থেকে ২, ৩ ও ৪ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে ১৪ দল।
জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
