হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর পাটুয়াটুলি- ইসলামপুরে পুলিশের সঙ্গে হরতাল আহ্বানকারী ১২ দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় এক ব্যবসায়ী আহত হয়েছেন।
আধ ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় অন্তত ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালবাগ বিভাগের উপ-কমিশনার হারুণ-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় পাটুয়াটুলি এলাকা থেকে হরতালের সমর্থনে ইসলামি ও সমমনা ১২ দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়।
“অনুমোদনহীন এই মিছিল থেকে দোকানপাট, যানবাহন ভাংচুরের চেষ্টা চালানো হয়। এতে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে,” বলেন তিনি।
ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ওই এলাকার স্বর্ণকার কার্তিক দাস আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা হারুন জানান।
বর্তমানে পরিস্থতি স্বাভাবিক রয়েছে জানিয়ে উপকমিশনার বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণবিরোধীরা, যার পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ।
চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে হামলাকারীদের হামলার লক্ষ্য ছিল গণজাগরণ মঞ্চ, যেখান থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।
দুপুর থেকে বিকাল পর্যন্ত তাণ্ডবের পর ‘কর্মসূচিতে বাধার’ অভিযোগ এনে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ও সমমনা ১২ দল।
