২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহবাগের গণজাগরণ নিয়ে জামায়াতপন্থী পত্রিকায় অপপ্রচার’

শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ গণজাগরণ নিয়ে ‘জামায়াতপন্থী’ কয়েকটি পত্রিকায় অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এসব অপপ্রচার বন্ধের জন্য তিনি ওই পত্রিকাগুলোকে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চে এই মুক্তিযোদ্ধা বলেন, “জামায়াত-শিবির সমর্থক কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপণ এসেছে যে, গণজাগরণ মঞ্চ থেকে ইসলামবিরোধী কথাবার্তা বলা হচ্ছে ও মহানবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে। 

“আমরা স্পষ্ট করে বলতে চাই যে, এটা সম্পূর্ণ অপপ্রচার। এ ধরণের অপপ্রচার থেকে আপনারা বিরত থাকুন।”

বাচ্চু আরো জানান, তাদের কারো কারো নাম ব্যবহার করে ব্লগ ও ফেইসবুকে ইসলামবিরোধী কথা লিখে কুৎসা রটানো হচ্ছে। যারা এটা করছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

এ আন্দোলন কোনো দলের জন্য নয়- উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বলেন, “আমাদের আন্দোলন দেশের জন্য, সাধীনতা ও সার্বভৌমত্বের জন্য।”

এসময় গণজাগরণ মঞ্চ থেকে হাইকোর্টের একজন বিচারপতির অপসারণের দাবি জানানো হয়।

গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়, “ওই বিচারপতি গণজাগরণ মঞ্চ নিয়ে কুৎসা রটানো একটি সংবাদ অন্য বিচারপতিদের মধ্যে বিতরণ করেছেন। আমরা মনে করি ওই বিচারপতি একটি গোষ্ঠীকে সমর্থন করছেন। তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। তার বিচার করার কোনো অধিকার নেই। এজন্য তাকে অপসারণ করতে হবে।”

বিকেলে গণজাগরণ মঞ্চে এসে সংহতি জানায়, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এর নেতৃত্ব দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।