‘ঘরে বসে থাকবেন না’
জামায়াতে ইসলামীর সোমবারের হরতাল প্রতিহত ও প্রত্যাখ্যান করতে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে শাহবাগের আন্দোলনকারীরা।
শনিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গণজাগরণ মঞ্চ থেকে ইমরান এইচ সরকার দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
হরতালকারীদের প্রতিরোধ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আসুন আমরা জামায়াত-শিবির ঘোষিত হরতাল প্রতিহত এবং প্রত্যাখ্যান করি।”
পাশাপাশি সোমবার ব্লগার রাজীব হত্যাকাণ্ডের প্রতিবাদে কালোব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করেন ইমরান।
দেশবাসীর প্রতি জামায়াত-শিবিরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা কেউ গাড়ির মায়া করবেন না। মনে রাখবেন আপনার একটি গাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দাম অনেক বেশি। আমরা রাজপতে নেমে না এলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। মনে রাখবেন আপনার নীরবতার কারণে যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষতি না হয়।”
“আসুন ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করি।
যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে অনলাইনে লেখালেখিতে সক্রিয় এবং শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে শুক্রবার রাতে মিরপুরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।
জামায়াতই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রাজীবের বন্ধু ও স্বজনরা দাবি করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
স্থপতি রাজীবে হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ উঠেছে শাহবাগে। তার স্মরণে সকালে কালো ব্যাজ পড়েছেন আন্দোলনকারীরা। বিকালে লাখো মানুষের অংশগ্রহণে শাহবাগেই রাজীবের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রাজীব স্মরণে ভোরে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নতুন দিনের কর্মসূচি শুরু হয় গণজাগরণ মঞ্চে।
নীরবতা শেষে সকাল সোয়া ৬টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর পর থেকে স্লোগানে স্লোগানে মুখর ছিল শাহবাগ।
শনিবার রাত সোয়া ১১টার ওই ঘোষণায় হরতাল প্রতিহত ও প্রত্যাখ্যানের পাশাপাশি রোববার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি মনে করিয়ে দেয়া হয়।
ইমরান এইচ সরকার বলেন, “রোববারের পর সোমবার স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠন, অফিস, আদালত, কল-কারখানা খোলা রাখবেন। কারো কোনো ভয় নেই। রাজপথে সবাই আছে এবং থাকবে।”
