প্রতিবাদে প্রোজ্জ্বল বাংলাদেশ
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে হাতে হাতে মোমের আলোয় জেগে উঠেছে সারা দেশ।
জাগরণের দশম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক ৭টায় আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ থেকে দেশের প্রান্তে প্রান্তরে জ্বলে ওঠে সংহতির প্রদীপ। শাহবাগের গণজাগরণ মঞ্চ ঘিরে লাখো কণ্ঠ গেয়ে ওঠে- মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে।
মঙ্গলবার দেশজুড়ে তিন মিনিট নীরবতা কর্মসূচির পর এ কর্মসূচিতেও অভূতপূর্ব সাড়া এসেছে সর্বস্তরের মানুষের কাছ থেকে। গণভবনে নাতনিকে সঙ্গে নিয়ে মোমবাতি হাতে এ কর্মসূচিতে শামিল হন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
প্রদীপ প্রজ্বলন শেষে এ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার মূল মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টায় শাহবাগে ‘জাগরণ সমাবেশ’ করা হবে। রাজধানীসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক সংগঠন, শিল্প কারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।”
এই জাগরণ সমাবেশ থেকেই পরবর্তী কমসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের আহ্বানে গণভবনে নাতনীকে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি নিজের ফেইসবুক পাতায় তুলেছেন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি।
যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ অন্যান্য যে দাবি শাহবাগের মঞ্চ থেকে এসেছে, তা বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
গণজাগরণ মঞ্চের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহাজোটের সাংসদরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মোমবাতি প্রজ্জ্বলন করেন।
এজন্য অধিবেশনের মাগরিবের নামাজের বিরতি দীর্ঘায়িত করে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত করা হয়।
৭টার আগে থেকে সাংসদ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং কর্মরত সাংবাদিকরাও মোমবাতি জ্বালিয়ে সংহতি জানান।
ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগ নেতাদের মধ্যে তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ সময় উপস্থিত ছিলেন।
সবাই এ সময় স্লোগান তোলেন- জয় বাংলা; তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা।
মহাখালী, মিরপুর, মতিঝিল, মালিবাগ, এলিফ্যান্ট রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৭টায় হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ফুটপাতে দাঁড়িয়ে যান মোমবাতি জ্বালিয়ে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা থামিয়ে স্টেডিয়ামে মোমের আলো জ্বালান ক্রিকেট তারকা, দর্শক সবাই। ওই সময় মোমের আলোয় জেগে উঠে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
খেলা শুরুর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চট্টগ্রাম কিংসের ক্রিকেটাররা মাঠে মোম জ্বালিয়ে শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। স্টেডিয়ামে উপস্থিত দর্শক, বিসিবি কর্মকর্তা-কর্মচারী ও আম্পায়াররাও এই কর্মসূচিতে একাত্ম হন।
একইভাবে প্রজ্বলিত শিখায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানানো হয় জেলায় জেলায়।
স্টেডিয়ামে খেলা থামিয়ে মোমবাতি হাতে বাংলাদেশের তিন ক্রিকেট তারকা।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সুযোগ বাড়াতে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষেরও আপিল করার সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। রোববারই এ আইন পাস হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া শাহবাগের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত নিষিদ্ধের বিলও সংসদে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী।
