সংহতির প্রদীপ জ্বালালো চট্টগ্রামবাসীও
সারাদেশের মত চট্টগ্রামবাসীও হাতে হাতে মোমের আলোয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি সংহতি জানিয়েছেন।
গণজাগরণের দশম দিনে সন্ধ্যা ঠিক ৭টায় আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ থেকে দেশের প্রান্তে প্রান্তরে জ্বলে ওঠে সংহতির এই প্রদীপ।
বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক সাতটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জড়ো হওয়া বিভিন্ন বয়সী সর্বস্তরের হাজারো মানুষ হাত তুলে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
ছয়টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডে সমাবেশে উপস্থিত জনতাকে কাউন্ট ডাউন করান সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান।
এরপর অধরা জয়ী ছুটি ও কাব্য চন্দ নামে দুই শিশুকে দিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করানো হয়। এর সাথে সাথে উপস্থিত হাজারো জনতা মোমবাতি প্রজ্জ্বলন করেন।
মোমবাতি প্রজ্জ্বলনের সাথে সাথে চলে সমবেত কণ্ঠে গান- ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর...দহন দানে।’
এসময় মোমবাতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে নগরীর চেরাগী পাহাড় থেকে জামালখান মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের উভয়পাশ। এ যেন আলোর মধ্য দিয়ে অন্ধকারকে দূরে ঠেলে নতুনের পথে যাত্রা।
টানা নয়দিন ধরে চলা প্রেসক্লাব চত্বরের গণজাগরণ কর্মসূচিতে মোমবাতি প্রজ্জ্বলন করে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন, চবি শিক্ষক সমিতি, সাধারণ শিক্ষার্থী, খেলাঘর, উদীচী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
প্রেসক্লাবের গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন শহীদজায়া বেগম মুশতারী শফী, কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত, প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাংবাদিক হাসান ফেরদৌস প্রমুখ।
এদিকে বৃহস্পতিবারেও নির্ধারিত সময়ের অনেক আগেই গণ জাগরণ মঞ্চে সমবেত হয় হাজারো শিক্ষার্থী।
প্রতিদিনের মত গণজাগরণ মঞ্চ থেকে স্লোগানের পাশাপাশি বেজেছে গণসংগীত। দুপুরে স্লোগান দিয়ে পুরো গণ জাগরণ মঞ্চ এলাকা মাতিয়ে রাখেন দুই সহোদরা মণিকা মহাজন ও জয়শ্রী মহাজন।
শিশুদের কন্ঠেও ছিল স্লোগান- ‘আমি কে, তুমি কে- বাঙালি, বাঙালি, ক- তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার।’
অধিকাংশ স্কুল শিক্ষার্থী ছিল পাশের সেন্ট মেরীস্ স্কুলের। তাদের সাথে যোগ দেয় নগরীর এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নুরুন্নবি (৬)।
কেন সমাবেশে এসেছে- এ প্রশ্ন করলে সে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমার সমবয়সীরা স্লোগান দিচ্ছে রাজাকারের ফাঁসির দাবিতে। তাই আমিও দিয়েছি।”
নুরুন্নবি আরো বলেছে, “এখানে এসে জেনেছি আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা যুদ্ধাপরাধী।”
বাসায় ফেরার সেময় সমাবেশ স্থলে এসে মিছিলে স্লোগান তুলছিল প্রথম বড়–য়া, অণির্বান বড়–য়া, স্বপ্নীল চক্রবর্তীসহ আরও অনেকে।
তারা জনান, মা তাদের পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন জানতে চাইলে তারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হওয়ার জন্যই তাদের সমাবেশে পাঠানো হয়েছে।
এদিকে, ‘বীরাঙ্গনার শাড়ি হোক রাজাকারের ফাঁসির দড়ি’ স্লোগান নিয়ে প্রতীকী বীরাঙ্গনার শাড়ি তৈরি করে তাতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
