ছাত্রদের চাপে সিদ্ধান্ত বদলালেন জাবি ভিসি
শিক্ষার্থীদের আহ্বানে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
ইসলামী ছাত্রশিবিরের ভাংচুরের পর শিক্ষকদের দাবির মুখে বুধবার বিকালে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
তার এই সিদ্ধান্ত প্রত্যাহারে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে রাত পৌনে ১১টার দিকে অধ্যাপক আনোয়ার হোসেন সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান।
উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের অনুরোধে আমি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করছি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির রয়েছে দাবি করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
এদিকে উপাচার্যের ‘ব্যর্থতার’ প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবারের ভাংচুরের ঘটনায় তারা নিরাপত্তাহীনতার জন্য উপাচার্যকে দায়ী করেছেন।
মঙ্গলবার ‘অবহেলায়’ মারা যাওয়া ছাত্রের ক্ষতিপূরণ দেয়া এবং ভাংচুর হওয়া শিক্ষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও তুলেছে শিক্ষক সমিতি।
তারা বলছে, শিক্ষকদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ উপাচার্য দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
অধ্যাপক আনোয়ার অবশ্য বলেছেন, তিনি বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন।
এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে উপাচার্যের বাড়িসহ বেশ কয়েকটি ভবনে ব্যাপক ভাংচুর চালানো হয়।
উপাচার্যসহ অনেকেই বলছেন, এতে ছাত্রশিবির জড়িত এবং বিক্ষুব্ধ ছাত্রদের ক্ষোভের সুযোগ নিয়ে তারা এই হামলা চালায়।
ওই ঘটনা নিয়ে বুধবার শিক্ষক সমিতির বৈঠকে হামলা নিয়ে উপাচার্যের বক্তব্যের বিরোধিতা করা হয় এবং ‘ব্যর্থতার’ জন্য তার পদত্যাগ দাবি করা হয়।
আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবিরের বিদায়ের পর উপাচার্যের দায়িত্ব পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ারকে জাহাঙ্গীরনগরের অধিকাংশ শিক্ষকই সাদরে গ্রহণ করেননি।
বুধবার শিক্ষক সমিতির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় সব পক্ষ একযোগে অধ্যাপক আনোয়ারের পদত্যাগের দাবি তোলেন।
এরপর বিকালে সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার ও সম্পাদক শরিফ উদ্দিনের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে তাকে পদত্যাগের আহ্বান জানান।
এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক অজিত বলেন, “আশা করছি, উপাচার্যের শুভবুদ্ধির উদয় হবে, তিনি পদত্যাগ করবেন।”
শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর উপাচার্য আনোয়ার সাংবাদিকদের বলেন, “শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এ পদে থাকা উচিত হবে না বলে আমি নৈতিকভাবে মনে করছি। যেহেতু আমি নির্বাচিত উপাচার্য সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করব।”
তবে মঙ্গলবারের হামলা যে শিবিরের ছিল, সে বিষয়ে নিজের অবস্থানে অটল রয়েছেন অধ্যাপক আনোয়ার।
তিনি বলেন, “শিবিরের ষড়যন্ত্র গভীর। যে শিক্ষকরা বলেছেন, আমি ভুল বলেছি। সময় হলে তারা বুঝতে পারবেন।”
অধ্যাপক আনোয়ারের পদত্যাগের ঘোষণা আসার পরপরই ছাত্রদের একটি মিছিল বের হয়, তাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
মিছিল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় ১০ মিনিট অবরোধের পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।
পরে তারা উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এরপরই উপাচার্য সিদ্ধান্ত বদলান।
মঙ্গলবার রাতে আব্দুল মালেক নামে পরিসংখ্যান বিভাগের এক ছাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ক্যাম্পাসে ভাংচুরের সূত্রপাত।
ওই ছাত্রকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে সেখানে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক না পেয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এরপর ওই ছাত্রকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, ওই ছাত্র মারা গেছেন।
মওলানা ভাসানী হলের ওই শিক্ষার্থীর মৃত্যুর পর রাতে প্রথমে ওই হলের প্রাধ্যক্ষ এবং চিকিৎসা কেন্দ্র ভাংচুর করে শিক্ষার্থীরা।
এরপর কিছু সময় পর উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষকের বাড়িতে হামলা হয়, তাতে অচেনা অনেককে দেখা গেছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানায়।
হামলার সময় ক্যাম্পাস সংলগ্ন গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিল থেকে শিবিরকর্মীরা জড়ো হয়ে হামলা চালিয়েছিল বলে সন্দেহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।
নির্বাচিত জাবি উপাচার্য দায়িত্ব নিলেন
উপাচার্য রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ে তাকবির ধ্বনি তুলে তার বাড়িতে হামলা হয়।”
জামায়াত-শিবিরের বিরুদ্ধে উচ্চকণ্ঠ অধ্যাপক আনোয়ার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ভাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি থাকাকালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্র বিক্ষোভের পক্ষে অবস্থান নিয়ে নির্যাতনের শিকারও হয়েছিলেন তিনি।
অন্তর্কোন্দলে ছাত্রলীগের এক কর্মী নিহতের পর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় আনোয়ার হোসেনকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের এই শিক্ষক পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে উপাচার্য পদে স্থায়ী হন।
