জাবির নির্বাচিত উপাচার্য হলেন আনোয়ার
মনোনীত হিসেবে দায়িত্ব পালন করে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে মঙ্গলবার ওই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত উপাচার্য হয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন।
মনোনীত হিসেবে দায়িত্ব পালন করে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে মঙ্গলবার ওই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “রাষ্ট্রপতি বিকাল ৩টায় অধ্যাপক আনোয়ার হোসেনের নিয়োগের আদেশে স্বাক্ষর করেছেন।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্বাচনে অধ্যাপক আনোয়ার দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন।
গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়েছিলেন আন্দোলনের মুখে পদত্যাগ করা উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন অধ্যাপক নুরুল আলম।
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ের আচার্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তার মধ্য থেকে একজনকে নিয়োগ দেন তিনি।
উপাচার্য প্যানেলের এই তিনজনের মধ্যে অধ্যাপক আনোয়ার ছাড়া অন্য দুজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
নিয়োগের প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো আদেশ এখনো পাইনি। তবে শুনেছি, আমাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।”
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মে মাসে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারকে ওই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি।
অধ্যাপক আনোয়ার দায়িত্ব নেওয়ার পর উপাচার্য নির্বাচনের উদ্যোগ নেন। তবে শিক্ষকদের একটি অংশ এই নির্বাচনের বিরোধিতা করে।
তাদের যুক্তি ছিল, সিনেটে মেয়াদোত্তীর্ণ প্রতিনিধি নতুন করে নির্বাচিত না করে উপাচার্য নির্বাচন হলে অধ্যাপক শরীফ এনামুল কবিরই সুবিধা পাবেন। নির্বাচনের ফলাফলেও তাদের বক্তব্যের প্রতিফলন দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষকরা সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন বর্জন করলেও এক্ষেত্রে অনড় ছিলেন আনোয়ার হোসেন।
