জাবির হামলার ঘটনায় তদন্ত কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে সিন্ডিকেটের এক জরুরি সভায় উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনকে প্রধান করে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জানান, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।
সিন্ডিকেটের বৈঠক শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, “হামলা পরিকল্পিত। জামায়াত শিবির এ ঘটনা ঘটিয়েছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যুর পর মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই ভাংচুর চলে এবং এতে অচেনা অনেককে অংশ নিতে দেখা গেছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানায়।
এ সময় ভাঙচুরকারীরা উপাচার্যের বাসভবনে হামলা চালায় এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে করা গণজাগরণ মঞ্চে আগুন ধরিয়ে দেয়।
উপাচার্য বলেন, “জাহাঙ্গীরনগর শিবিরের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ। সারাদেশ যখন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঐক্যদ্ধ তখন জাহাঙ্গীরনগরের মূল ভবনের সামনে গণজাগরণ মঞ্চে আগুন দেয়া হয়েছে।”
তিনি জানান, বাসভবনের এগজস্ট ফ্যান ভেঙে ভেতরে ঢোকার পর গেইট খুলে বাড়িতে ভাংচুর করা হয়েছে।
“এ জাতীয় ঘটনা নজিরবিহীন। তবে জাবি পরিবার ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবেই।”
জাবি প্রশাসন মামলার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।
ক্যাম্পাসের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নেয়া হয়েছে সিন্ডিকেটের এ বৈঠকে।
আনোয়ার হোসেন বলেন, “গতকাল পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজকে শিবিরমুক্ত ঘোষণার অনুষ্ঠানের রেশ থেকে এ হামলার ঘটনা হতে পারে।”
দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে পুড়িয়ে দেওয়া গণজাগরণ মঞ্চ বুধবার আবার তৈরি করছে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা।
জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগরকে শিবিরমুক্ত করতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করবে।
