চট্টগ্রামে ২ গুদামে আগুন
চট্টগ্রামে পৃথক দু’টি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ লাখ টাকার মালামাল।
মঙ্গলবার গভীর রাতে বন্দরনগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এবং চান্দগাঁও থানাধীন দর্জি পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের অপারেটর কণা চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া একটার দিকে মনসুরাবাদ এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি লেপ- তোষকের গুদামে আগুন লাগে। এ সময় গাড়ির একটি খুচরা যন্ত্রাংশের দোকানও আগুনে পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি জানান।
এদিকে, রাত বারটার দিকে চান্দগাঁও দর্জিপাড়া এলাকায় মশার কয়েল থেকে একটি জুট কাপড়ের গুদামে আগুন লাগলে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান কণা।
