ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
দশ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডিত মো. আলামিন (২২) রাজধানীর জুরাইনের বাসিন্দা। তার গ্রামের বাড়ি বরিশালের চর কাউয়া গ্রামে।
মঙ্গলবার ঢাকার ১ নম্বর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ দণ্ডের পাশাপাশি আলামিনকে এক লাখ টাকা জরিমানা করেন।
ওই আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. আব্দুল বারী জানান, জরিমানার অর্থ আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই অর্থ ধর্ষিতাকে দেয়া হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছর ২২ অক্টোবর সকালে জুরাইনের আফসার করিম সড়কে আল-হেরা জামে মসজিদে কোরআন শরীফ পড়তে গিয়ে ধর্ষিত হন ওই স্কুলছাত্রী। একই মহল্লার অধিবাসী আলামিন তাকে ধরে নিয়ে মসজিদের সিঁড়ির নিচে এ ঘটনা ঘটায়।
ঘটনার পরদিন মেয়েটির বাবা বোরহানউদ্দীন কদমতলি থানায় মামলা করেন।
বিচারের সময় রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর মধ্যে নয় জনের জবানবন্দি নেয়া হয়।
