২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ-বিএনপিপন্থীদের হটিয়ে চট্টগ্রাম বারে নতুন নেতৃত্ব

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সম্পাদকের পদে জয় পেয়েছে সমমনা আইনজীবী সংসদ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:21 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবী সংগঠনের বাইরে এই পরিষদ রোববারের এই নির্বাচনে প্রধান দুটিসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছে।

বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয়ী হয়েছে জ্যেষ্ঠ সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদকসহ সাতটি পদে।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সম্বন্বয় পরিষদ জয়ী হয়েছে সহ-সভাপতি, সাংস্কৃতিক সম্পাদকসহ ছয়টি পদে।

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গভীর রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম সিরাজুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমিতির মোট ২ হাজার ৬৫৩ জন ভোটারের মধ্যে ২ হাজার ২৯৫ ভোটার ভোট দেন।

সভাপতি পদে সমমনা আইনজীবী সংসদের চন্দন দাশ পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের কাজী সাইফুদ্দিন পেয়েছেন ৫৭৬ ভোট। এই পদে আইনজীবী সম্বন্বয় পরিষদের আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমমনা আইনজীবী পরিষদের মো. কামাল উদ্দিন ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের এনামুল হক পেয়েছেন ৭০৫ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে জয়ীরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি সেকান্দর বাদশা (ঐক্য পরিষদ), সহ-সভাপতি আবু রাশেদ (সম্বন্বয় পরিষদ), যুগ্ম সম্পাদক মো. মঈনুদ্দিন (ঐক্য পরিষদ), অর্থ সম্পাদক জিয়াউল হক (ঐক্য পরিষদ), পাঠাগার সম্পাদক দিলরুবা বেগম মালা (সমমনা সংসদ), সাংস্কৃতিক সম্পাদক মো. হোসেন (সমন্বয় পরিষদ)।

কার্যকরি ১০টি সদস্যের মধ্যে চারটি করে পদে জয়ী হয়েছে আইনজীবী সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদ এবং দুটিতে সমমনা পরিষদ।