২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপিল সংশোধিত আইনেই’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি ও রাষ্ট্রপক্ষের জন্য সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 07:21 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ আইন (সংশোধন) ২০১৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনেই আইনের এই সংশোধনী বিল আকারে পাস হবে। ফলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংশোধিত আইনেই আপিল করা যাবে বলে আশা করা যায়।    

ট্রাইব্যুনাল গত মঙ্গলবার আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়ার পর দণ্ডের মাত্রা বাড়াতে আপিলের সুযোগ না থাকার বিষয়টি উঠে আসে। ওইদিন বিকালেই রাজধানীর শাহবাগে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। একাত্তরে ‘মিরপুরের কসাই’ হিসেবে পরিচিত কাদের মোল্লার ফাঁসির দাবিতে দেশজুড়ে শুরু হয় জাগরণ।

এই প্রেক্ষাপটে আইন সংশোধনের এই উদ্যোগ নেয় সরকার। রোববার সচিবালয়ে বৈঠকের পর আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, সোমবারই আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে।

মন্ত্রিসভার বৈঠকের পর সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “এ আইন সংশোধনের পর প্রসিকিউশন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তি উভয়েই আপিল করতে পারবে।”

“আইনের সমান সুযোগ তৈরি করতেই এ সংশোধন আনা হয়েছে। বিদ্যমান আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিলের সুযোগ থাকলেও প্রসিকিউশন বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপিল করতে পারে না। আইন সংশোধনের পর দুই পক্ষই আপিল করতে পারবে।”

তিনি জানান, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল বিভাগ ৪৫ দিনের মধ্যে তা নিস্পত্তি করবে। বাড়তি সময় প্রয়োজন হলে আদালত আরো ১৫ দিন সময় নিতে পারবে। অর্থাৎ আপিল করার পর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তা নিস্পত্তি করতে হবে। 

এমনিতে কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে নথিপত্রের ‘পেপার বুক’ তৈরির নিয়ম থাকলেও এক্ষেত্রে তার প্রয়োজন হবে না। এতে অনেক কম সময়ে আপিল নিস্পত্তি করা যাবে বলে মন্তব্য করেন সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেসব তথ্য উপাত্ত দিয়ে (কাদের মোল্লার) মামলা পরিচালনা হয়েছে বা আদালত সিদ্ধান্ত নিয়েছে- এ সংশোধনীর ফলে তাতে কোনো প্রভাব পড়বে না। এ সংশোধনী একটি পদ্ধতিগত পরিবর্তন।”

১৯৭৩ সালের আইনে সরকারের আপিলের কোনো সুযোগ ছিল না। পরে ২০০৯ সালে আইন সংশোধন করে এতে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ যোগ হয়।

এখন আইন সংশোধনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামির মতো সরকার বা প্রসিকিউশনেরও আপিলের সুযোগ তৈরি হচ্ছে।