তিন পার্বত্য জেলায় হরতাল চলছে
স্কুলছাত্রীকে গণধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে পিকেটিং করার সময় বাসটার্মিনাল এলাকা থেকে দুই পিকেটারকে আটক করা হয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক দুজন তাদের কর্মী।
হরতালে সকাল থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
খাগড়াছড়ি শহরেও অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল অনেক কম। দোকানপাটও বন্ধ রয়েছে । বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, শন্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের পর জেলা সদরের আলুটিলাস্থ ইমাং রির্সোটে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা গণধর্ষণ করে।
