২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাষাঢ়ায় পুলিশের ওপর শিবিরের হামলা

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের একদল কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শনিবার সকালে চাষাঢ়ার শহীদ মিনার এলাকায় এই হামলা এবং এরপর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত এক পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিছিলের জন্য সকাল সাড়ে ৯টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় শিবিরকর্মীরা। তাদের মিছিল করতে পুলিশ নিষেধ করে। তর্কতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর শিবিরকর্মীরা চড়াও হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের সাংবাদিকদের জানান, “শিবিরের নেতাকর্মীরা  টহল পুলিশের নেতৃত্বে থাকা এএসআই জাফরকে রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা করে।”

Image
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শনিবার ছাত্রশিবিরের হামলায় আহত পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শনিবার ছাত্রশিবিরের হামলায় আহত পুলিশ সদস্য

খবর পেয়ে পুলিশের আরো কয়েকটি দল সেখানে গেলে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে।

শিবিরের নেতাকর্মীরা এএসআই জাফর ছাড়াও কনস্টেবল আমিনুল, আবদুল আলিম ও মামুনকে পিটিয়ে আহত করে বলে ওসি জানান।

আহতদেরকে শহরের খানপুর ২০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে এএসআই জাফরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

সংঘর্ষে শিবিরের অন্তত পাঁচজন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তাদের পরিচয় পাওয়া যায়নি।

যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবিতে আন্দোলনরত শিবিরকর্মীরা দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা চালাচ্ছে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ছে।