২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইপ্রেমীদের মিলনমেলা

ভেতরে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। বাইরে অপেক্ষা। সারি ধরে দাঁড়ানো বইপ্রেমীদের সময় যেন যাচ্ছে না- কখন উন্মুক্ত হবে মূল ফটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার বিকেল ৫টায় বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনীর আগে এমন চিত্রই দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হতে না হতেই গ্রন্থমেলা পরিণত হয় সর্বস্তরের মানুষের মিলনমেলায়।

শুক্রবার  বিকাল ৩টায় অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের সময় নিরাপত্তার স্বার্থে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মেলার প্রবেশপথগুলো বন্ধ রাখা হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থল ছাড়ার পরপরই মেলার প্রবেশ পথগুলো খুলে দেয়া হয়। তখন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষের ভিড় যেন বাঁধ মানছিল না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাঁধন সরকার বলেন, মেলা শুরুর দিনে দর্শনার্থীদেরে উৎসাহের শেষ নেই।সারা মাস কাটবে বই কেনা আর আড্ডার মধ্য দিয়ে।

এই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তন্ময় মজুমদার বলেন, প্রতিবার প্রথম দিন থেকেই মেলায় যান তিনি। এবারো সেই রীতি ধরে রাখতে চান। বছরে একবারই তো এমন সুযোগ আসে।

মাসব্যাপী এই মেলার প্রথম দিনে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরাও।

সাহিত্য প্রকাশের বিক্রয় কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, প্রথম দিন থেকেই খুব ভালো লাগছে। আশা করি সারা মাস বিক্রিটাও খারাপ হবে না।

অন্বেষা প্রকাশনীর বিক্রয়কর্মী মাহমুদুল হাসান বলেন, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের পুরনো বইগুলো অনেকেই খুঁজছেন।

এই লেখকের নতুন কোনো বই মেলায় না এলেও পুরাতন বইয়ের একটি সংকলন প্রকাশিত হচ্ছে বলে জানান তিনি।

বিভাস প্রকাশনীর রামশংকর দেবনাথ উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “প্রতিবছর পাঠক প্রকাশকরা তীর্থের কাকের মতো এই মাসের জন্য অপেক্ষা করেন। আজ থেকে টানা এক মাস শুধু উৎসবের আমেজ থাকবে।”

বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আনোয়ার জানান, ছুটির দিন হওয়ায় শনিবার সকাল ১১টায় মেলা শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত।

নতুন বই

মেলার প্রথম দিন বিভিন্ন স্টলে ঘুরে বেশ কিছু নতুন বই দেখা যায়। তবে এদিন নজরুল মঞ্চে কোনো বইয়ের মোড়ক উন্মোচন হয়নি।

প্রথম দিনে অন্যপ্রকাশ থেকে  হুমায়ূন আহমেদের  ‘ভ্রমণসমগ্র’, অধ্যাপক আনিসুজ্জামান সম্পাদিত ‘হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ’, হুমায়ূন আহমেদের দুইটি বইয়ের ইংরেজি সংস্করণ নতুন প্রকাশিত হয়েছে।

অ্যাডর্ন এনেছে নতুন চারটি বই যার মধ্যে শামসুল আলম সাঈদের ‘চর্যাপদ: তাত্ত্বিক সমীক্ষা’, শিরিন আখতারের ‘নারী রাজনীতি ও রাষ্ট্র’ রয়েছে।

শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয়েছে আনিসুজ্জামান সম্পাদিত গবেষণাগ্রন্থ ‘মোতাহের হোসেন চৌধুরী’, আল মাহমুদের ‘সনেটসমগ্র’, সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ ‘যদি পাই পুনরাবৃত্তি’।

আগামী প্রকাশনী থেকে তসলিমা নাসরিনের ‘নারীর কোন দেশ নেই’, হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ‘ইউটোপিয়া’ ও সৈয়দ আবুল মকসুদের ‘ভাসানী কাহিনী’ বেরিয়েছে।

এছাড়া এবারের বইমেলায় বিভাস প্রকাশনী ৫০টির বেশি নতুন বই আনছে, অন্বেষা প্রকাশনী আনছে ৫০টি, সাহিত্য প্রকাশ ১৫টি, অন্যপ্রকাশ ৬০টি,  আগামী প্রকাশনী ৬০টি,  মাওলা ব্রাদার্স ৫০টি, অবসর ও প্রতীক প্রকাশনী ২০টি,  সময় প্রকাশন ৫০টি, পার্ল পাবলিকেশন ২৭টি, অন্বেষা প্রকাশন ৪০টি, অনন্যা প্রকাশনী ৫০টি, শ্রাবণ প্রকাশনী ৫০টি, ইত্যাদি গ্রন্থ প্রকাশ ৬০টি, ঐহিত্য ৭০টি, শুদ্ধস্বর ৭৫টি, অ্যাডর্ন পাবলিকেশন ৭০টি, ভাষাচিত্র ৪০টি ও আদর্শ ২৭টি নতুন বই আনছে।