ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ, রিকশাচালক আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে দুই দফায় ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন রিকশাচালক।
শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তিনটি এবং মলচত্বর, রেজিস্ট্রার ভবন এবং সূর্যসেন হলের মাঝামাঝি স্থানে বাকি তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
আহত রিকশাচালক মনসুর আলীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে তা জানি না। তবে পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছি।”
ঘটনাস্থলে শাহবাগ থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় ওই ককটেল বিস্ফোরণের পর সেখানে অতিরিক্ত পুলিশ দেখা গেছে। রাস্তাগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বেশ কয়েকদিন ধরেই একটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাইছে।”
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় পুলিশ দাবি করেছিল, ঘটনার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।
শুক্রবারের ঘটনায়ও তাদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত করেন প্রক্টর আমজাদ আলী।
