দোয়েল চত্বরে বাসে আগুন, হাতবোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলের কাছে দোয়েল চত্বর এলাকায় জনতা ব্যাংকের কর্মচারী বহনের একটি দোতলা বাসে আগুন দেয়া হয়েছে। এ সময় দুটি ককটেলেও বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা পৌনে ২টার দিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বিআরটিসির ভাড়া বাসটিতে আগুন দেয়া হয়। তবে অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই বাসের চালক ও সহকারী সুইমিং পুল থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলেন।
এ সময় দোয়েল চত্বর এলাকায় দুটি হাতবোমা ফাটানো হলে আতঙ্কের সৃষ্টি হয়।
উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামীর কর্মসূচির ঘোষণা থাকায় আমরা সকাল থেকেই সতর্ক আছি। তবে একটি বিশেষ ছাত্র সংগঠনের কর্মীরা গত দুদিন ধরে ক্যাম্পাস এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।”
সোমবার সকালে রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের হামলা-ভাংচুরের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার দফায় দশটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মঙ্গলবার পলাশী মোড়, নীলক্ষেত ও চাঁনখারপুল এলাকায় অন্তত ২৮টি হাতবোমা ফাটানো হয়।
শাহবাগ থানার পরিদর্শক এম এ জলিল মঙ্গলবার বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের কর্মীরা এসব বিস্ফোরণ ঘটিয়েছে।”
সোমবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী শাহবাগ থানায় দুটি মামলা করেন, যাতে ছাত্রদলের কেন্দ্রী সভাপতিসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
