ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে বিক্ষিপ্ত বোমাবাজি
রাজধানীতে জামায়াত-শিবিরের তাণ্ডবের পরদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে পলাশী মোড়, নীলক্ষেত ও চাঁনখারপুল এলাকায় অন্তত ২৮টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পরপর এই বিস্ফোরণে ব্যস্ত সড়কে আতঙ্ক সৃষ্টি হয়। চাঁনখারপুলে আহত হন এক রিকশাচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার জানান, পলাশী মোড়ে দাঁড়ানো এক পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলের সামনে প্রথম ককটেলটি ফাটে। এরপর দুই দফায় আরো আটটি হাতবোমা ফাটানো হয়।
এ সময় বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রায় একই সময়ে নীলক্ষেত মোড়ের কাছে পরপর দশটি হাতবোমা ফাটানো হয় বলে জানান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুজন মণ্ডল।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণের ঠিক আগে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল ওই এলাকা দিয়ে যায়।
এরপর সাড়ে ১০টার দিকে নীলক্ষেত মোড়ে আরো দুটি হাতবোমা ফাটানো হয়।
এদিকে চাঁনখারপুল এলাকায় কাছাকাছি সময়ে পরপর ৫/৬টি হাতবোমা ফাটানো হয়। বোমায় রবিউল (২২) নামে এক রিকশাচালক সামান্য আহত হন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
দুপুর ১টার দিকে শাহবাগ মোড়েও একটি হাতবোমা ফাটানো হয় বলে শাহবাগ থানার পরিদর্শক এমএ জলিল জানান।
এদিকে, বেলা ১২টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ জানান, যাত্রীবেশে বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থান নিয়ে হঠাৎ মিছিল বের করে তারা। ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, এ সময় কোনো সংঘর্ষ হয়নি। কেউ আটকও হয়নি।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় রাস্তার পাশে থাকা কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা।
এর আগে সোমবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। তারা ঢাকায় শতাধিক গাড়ি ভাংচুর করে এবং পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়। জামায়াত কর্মীদের হামলায় সারা দেশে অন্তত ২৭ পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ২১ জনই ঢাকায়।
সকালে ওই হামলা-ভাংচুরের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার দফায় দশটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।
শাহবাগ থানার পরিদর্শক এম এ জলিল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের কর্মীরা এসব বিস্ফোরণ ঘটিয়েছে।”
ঘটনার সময় মধুর ক্যান্টিনের সামনে থেকে ফজলুল রহমান খোকন নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে দেয় ছাত্রলীগ কর্মীরা। এছাড়া বাংলা একাডেমীর সামনে রয়্যাল নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করা হয়। আহত রয়্যাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
সোমবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী শাহবাগ থানায় দুটি মামলা করেছেন, যাতে ছাত্রদলের কেন্দ্রী সভাপতিসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
