২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণ

মতিঝিলে জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে চার দফায় দশটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 07:27 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শাহবাগ থানার পরিদর্শক এম এ জলিল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের কর্মীরা এসব বিস্ফোরণ ঘটিয়েছে।”

সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর জের ধরে মধুর ক্যান্টিনের সামনে থেকে ছাত্রদল কর্মী ফজলুল রহমান খোকনকে আটক করে ছাত্রলীগ কর্মীরা। এছাড়া বাংলা একাডেমীর সামনে রয়্যাল নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করা হয়।

এ ঘটনার পর বেলা ১২টার দিকে নবনির্মিত সমাজবিজ্ঞান ভবনের আশপাশে পরপর চারটি এবং কলাভবনের পাশে দুটি হাতবোমা ফাটানো হয়।

তৃতীয় দফায় হাতবোমা বিস্ফোরণ ঘটে টিএসসিতে। সাড়ে ১২টার দিকে সেখানে দুটি ককটেল ফাটে।

এর কিছুক্ষণ পর মহসিন হলের সামনে আরো একটি ককটেল ফাটে।  

ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল কর্মী ফজলুরকে ধরে প্রক্টরের দপ্তরে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় দেয়া হয়।

আহত রয়্যাল বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু বলেন, “ক্যাম্পাসে প্রবেশ আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিশ্ববিদ্যায় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ আমাদের ঢুকতে দিচ্ছে না। কেউ ক্যাম্পাসে গেলে তার ওপর হামলা করা হচ্ছে।”

অন্যদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, “ছাত্রদলের যারা নিয়মিত ছাত্র তাদের ক্যাম্পাসে আসতে বাধা নেই। কিন্তু ছাত্রদল বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কোনো বহিরাগতকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না।”