২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সমালোচনায় হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশ সরকারের কড়া সমালোচনা করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ২০১২ সালে মানবাধিকারের প্রশ্নে পিছু হটেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 04:34 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

নিউ ইয়র্কিভিত্তিক এ সংস্থা মনে করে, বাংলাদেশের জন্য ২০১২ সাল চিহ্নিত হবে ত্রুটিপূর্ণ বিচার, আইনশৃঙ্খলা বাহিনীর বিচারবহির্ভূত হত্যার দায়ুমক্তি এবং বেসরকারি সংস্থা (এনজিও) ও অধিকার কর্মীদের ওপর কড়াকড়ির বছর হিসাবে।   

এইচআরডব্লিউর বার্ষিক প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র বাঙালীর ওপর ব্যাপক গণহত্যা, খুন, ধর্ষণ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য।  

শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, “সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের আওতায় না আনায়, হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলের (এনজিও) ওপর নজরদারি বাড়ানোর ফলে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে।”

প্রতিবেদনে বলা হয়, ক্রসফায়ারের নামে বাংলাদেশে এখনো বিচার বহির্ভূত হত্যা চলছে। বিরোধী দল ও অধিকার কর্মীদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাও ঘটছে। একজন শ্রমিক নেতাকে অপহরণের পর হত্যা করা হয়েছে এবং আরো অনেককে হুমকি দেয়া হয়েছে।

নারীর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশে শক্তিশালী আইন থাকলেও তার বাস্তবায়ন না থাকায় ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুকের জন্য নির্যাতন, এসিড সন্ত্রাস, ফতোয়ার নামে ‘অবৈধ’ শাস্তির ঘটনা ঘটেই চলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।    

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, “বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা, অধিকার কর্মীদের কাজের জন্য অধিকতর উদার পরিবেশ সৃষ্টি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু সরকার এখন আর সেই সব লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলে মনে হয় না।” 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের অন্যতম ‘প্রতিবন্ধকতামূলক’ প্রবণতা ছিল সুশীল সমাজের ওপর চাপ ও নজরদারি বৃদ্ধি। মানবাধিকার সংস্থাসহ এনজিওগুলোকে হুমকি, নির্যাতন ও সন্ত্রস্ত করার খবর এ বছর বেড়েছে। কোনো কোনো এনজিওর নিবন্ধন বাতিল করা ও প্রকল্পের তহবিল স্থগিত করারও খবর পাওয়া গেছে।

এর আগের বছর র‌্যাবের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে আসার বিষয়টিকে এইচআরডব্লিউ স্বাগত জানালেও এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা এখনো অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে এইচআরডব্লিউর প্রতিবেদনে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারের বিচার প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যায়িত করে সংস্থাটি বলেছে, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ওই বিদ্রোহের ঘটনায় আটক জওয়ানদের ওপর নিরাপত্তা হেফাজতে নির্যাতন, মৃত্যু এমনকি যথাযথ প্রত্রিয়া লঙ্ঘন করে গণবিচারের অভিযোগ উঠলেও তদন্ত না করে এসব অভিযোগ স্রেফ উড়িয়ে দিয়েছে সরকার।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও কার্যপ্রণালীতেও ‘ত্রুটি’ রয়েছে মনে করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এইচআরডব্লিউ।

এ প্রসঙ্গে একটি মামলায় সাক্ষীদের হাজির না করে তাদের লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণ করা এবং স্কাইপের মাধ্যমে প্রবাসী এক আইন বিশেষজ্ঞের সঙ্গে বিচারপতি নিজামুল হক নাসিমের কথিত কথোপকথন এবং তার পদত্যাগের বিষয়টি উল্লেখ করা হয়েছে এইচআরডব্লিউর প্রতিবেদনে। 

গত বছর জুন মাসে মিয়ানমারের আরাকান রাজ্যে সাম্প্রায়িক দাঙ্গার পর বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় না দেয়ার কারণেও সরকারের সমালোচনা করেছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলছে, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বাংলদেশ।