২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতালে ভাংচুর-বিস্ফোরণ

জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সিলেটে ঝটিকা মিছিল, ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 03:45 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে এই হরতাল করছে জামায়াতে ইসলামী ও তাদের সহয়োগী সংগঠনগুলো। বিএনপিও তাদের সমর্থন দিচ্ছে।

জামায়াত-শিবির কর্মীরা সকাল সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট, লামাবাজার, মিরাবাজার ও চণ্ডিপুল এলাকায় হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। ফাটানো হয় অন্তত ২৫টি হাতবোমা।

সকাল ৭টায় শিবির কর্মীরা মদিনা মার্কেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা দুটি ট্রাক ভাংচুর করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

সকালে সাড়ে ৭টার দিকে  শিবিরকর্মীরা নগরীর মিরাবাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন জানান, সাড়ে ৯টার দিকে চণ্ডিরপুল এলাকায় শিবির কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় দুজনকে আটক করা হয়।

সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না।

হরতালের কারণে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাটও বন্ধ রয়েছে। নগরীর সবকটি গুরুত্বপুর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। নগরজুড়ে রয়েছে র‌্যাবের টহল।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে সময়মত নির্দিষ্ট গন্তব্যে সব ট্রেন ছেড়ে গেছে।

নগরীর আম্বরখানা, টিলাগড়, শিবগঞ্জ, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্রা, সিটি পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর,নাইওরপুলসহ নগরীর সবকটি গুরুত্বপুর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ দেখা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। শিবির কর্মীরা কয়েকটি স্থানে মিছিল করার চেষ্টা করলে র‌্যাব-পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের চার কর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।