২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপির ৯শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরে একটি স্মরণসভায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার দুপুরে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজিব আল রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহাবুব মোরশেদ বলেন, মামলায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহেমদ মানিকসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৮৮১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ভঙ্গ, জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলার ১০ আসামিকে আটক করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গত বছরের ২৯ জানুয়ারি চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিত নিহত হন লিমন ছৈয়াল ও আবুল হোসেন। এদের স্মরণে মঙ্গলবার এক সভার আয়োজন করে বিএনপি। এতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।