২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় বাঁশখালীতে ঢিলেঢালা হরতাল

চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতের ডাকে মঙ্গলবার কড়া নিরাপত্তায় ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

অফিস আদালতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। ব্যাংকগুলোতেও লেনদেন ছিল প্রতিদিনের মত।

পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে জামায়াতের ২০/২৫জন কর্মী বাঁশখালী প্রধান সড়কের চাম্বল বাজারে সকাল সাড়ে ১১টায় মাত্র ২০ মিনিটের জন্য মিছিল করলেও বাঁশখালীর আর কোথাও তাদেরকে পিকেটিং, মিছিল, সমাবেশ করতে দেখা যায়নি।

নেতাকর্মীদের ‘গ্রেপ্তার ও হয়রানির’ প্রতিবাদে জামায়ত সকার-সন্ধ্যা এ হরতালের ডাক দেয়।

হরতাল চলাকালে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে রিকশা, টেম্পু চলেছে। তবে ভারী কোনো যানবাহন চলেনি। এজন্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

বাঁশখালী থানার ওসি আবদুস সবুর জানান, হরতাল চলাকালে কোথাও কোনো গণ্ডগোল হয়নি। তবে চাম্বল এলাকায় সকালে শিবির কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ আসার সঙ্গেঁ সঙ্গেঁ তারা পালিয়ে যায়। কোথাও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত-শিবির।

এ কর্মসূচি পালনকালে ঢাকাসহ কয়েকটি জেলায় পুলিশের উপর হামলা এবং যানবাহনে ভাংচুর চালায় জামায়াত ও তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের কর্মীরা।

সোমবার দুপুরের দিকে কয়েকশ’ জমায়াত-শিবিরকর্মী বাঁশখালীর চাম্বল বাজারে ব্যানার টাঙ্গিয়ে সমাবেশ করার চেষ্টা করে।

পুলিশ গিয়ে তাদের ব্যানার খুলতে বললে শিবিরকর্মীরা শ্লোগান দিয়ে মিছিল শুরু করে এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশও তাদের ধাওয়া দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

এ সময় পুলিশ উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলামসহ ১৭ জনকে গ্রেপ্তার করে। 

উপজেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের কর্মীরা জড়ো হয়ে চাম্বল বাজারে আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে পুরিশের ওপর হামলা চালায়।  

এতে নয় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আহত চার পুলিশসহ পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হামলায় আহত এসআই আতিউর রহমানকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।