হংকং গমনেচ্ছুদের নিবন্ধন ফেব্রুয়ারিতে
ফেব্রুয়ারির শেষ নাগাদ হংকংয়ে নারী শ্রমিক পাঠানোর অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
হংকংয়ের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যামপ্লয়মেন্ট এজেন্সির (এওবিইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে হংকং রিক্রুটিং এজেন্সির ১৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “হংকংয়ের এই গ্রুপটি আগামী ছয় মাসে ১৫ থেকে ২০ হাজার নারীকে গৃহকর্মী হিসেবে নিয়োগ করবে। আরো তিনটি গ্রুপ সমসংখ্যক শ্রমিক নিলে আগামী ৬ মাসে প্রায় ৬০ থেকে ৮০ হাজার নারী শ্রমিক হংকংয়ে নিয়োগ পাবে।”
সরকারি খরচে নির্বাচিত নারী কর্মীদের দুই মাসের ট্রেনিং দেয়া হবে বলে জানান তিনি।
খন্দকার মোশাররফ বলেন, “একই সঙ্গে হংকং যেতে তাদের কোনো টাকা দেয়া লাগবে না।”
তিনি জানান, শ্রমিকদের বেতন সর্বনিম্ন ৪৯০ ইউএস ডলার (বাংলাদেশি প্রায় ৪০ হাজার টাকা প্রায়) হবে। হংকং যাওয়ার বিমান ভাড়ার আনুমানিক ৪০ হাজার টাকা পরবর্তীতে বেতন থেকে কিস্তিতে কেটে নেয়া হবে।
মালয়শিয়ার মতো অনলাইনে নিবন্ধন করে এসব নারী শ্রমিক পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।
বৈঠকে এওবিইএ’র চেয়ারম্যান পেট্রিক চেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহম্মেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
