২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনি গ্রেপ্তার নাহলে পাহাড়ে হরতাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটি শ্রমিককে হত্যায় দোষীদের গ্রেপ্তার করা না হলে তিন পার্বত্য জেলায় হরতালের হুমকি দিয়েছে পাহাড়ি বাঙ্গালি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাগড়াছড়ি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

 খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটি শ্রমিককে হত্যায় দোষীদের গ্রেপ্তার করা না হলে তিন পার্বত্য জেলায় হরতালের হুমকি দিয়েছে পাহাড়ি বাঙ্গালি ছাত্র পরিষদ।

সোমবার সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নেতারা। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

এর আগে শহরের শাপলা চত্বরে মানববন্ধন করে সংগঠনটির এক হাজারেরও বেশি কর্মী-সমর্থক।

শুক্রবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বটতলী এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিক ফিল্ডে সন্ত্রাসীর ব্রাশফায়ারে শ্রমিক মো. ফারুখ হোসেন (১৫) নিহত হন। গুলিবিদ্ধ হন ওই ইটভাটির ব্যবস্থাপক আবুল হোসেন ও শ্রমিক শাহজাহান।

কর্মসূচি চলাকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইসমাইল নবী শাওন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে নিহত শ্রমিকের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বুধবার তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হবে।”

সহস্রাধিক ছাত্র-যুবকের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশের পর ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  দেন সংগঠনের নেতারা।