গৌরনদীতে স্কুলছাত্র অপহরণ, গ্রেপ্তার ১
বরিশালের গৌরনদীতে এক স্কুলছাত্রকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত অভিযোগে শুক্রবার রাতে সুজন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন পশ্চিম বাউরগাতি গ্রামের সোহরাব ঘরামীর ছেলে।
গত সোমবার উপজেলার ইল্লা গ্রামের হাকিম বেপারীর ছেলে ফয়সাল বেপারীকে (১৪) অপহরণ করা হয়। সে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়ার পর থেকে ফয়সালের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এরপর শুক্রবার দুপুরে ফয়সালের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছে অপহরণকারীরা। টাকা না দিলে ফয়সালকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। ওই রাতেই তিনি মামলা করেছেন।
মামলার পরেই আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
