২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহরণের পাঁচ দিন পর পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেড় বছরের শিশু সাকিবুল হাসান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ডলুর হিলিমিলি গ্রামের মো. ইলিয়াসের ছেলে।

আটক ডালিয়া বেগম (৩০) মঠবাড়ীয়া উপজেলার হলতা গ্রামের ফজলে হাওলাদারের মেয়ে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থানা এলাকার আলমের বাড়ি (এ বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন ইলিয়াস) থেকে সাকিবুল নিঁখোজ হয়।

এ ব্যাপারে তার বাবা র‌্যাব-৭ এর কাছে অপহরণের লিখিত অভিযোগ করেন।

গোপন সংবাদ পেয়ে বৃহষ্পতিবার রাত ১২টার দিকে ডালিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ডালিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর সাকিবুলকে পাওয়া যায়।

র‌্যাব-৮ এর কমান্ডার রাশেদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডালিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।