যশোরে খাদ্য ‘বিষক্রিয়ায়’ স্কুলছাত্রের মৃত্যু
যশোরে খাদ্য ‘বিষক্রিয়ায়’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
স্কুলের বিনামূল্যের বিস্কুট খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে।
মঙ্গলবার সকালে শহরতলীর পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মৃত তন্ময় হোসেন (১২) মন্ডলগাতি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
একইভাবে তন্ময়ের সহপাঠী মিজানুর রহমানও (১১) অসুস্থ হয়ে পড়ে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানুর একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহেনা খাতুন বলেন, সকালে স্কুলের শুরুতে সবাইকে বিনামূল্যের বিস্কুট খাওয়ানোর পর পানি পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তন্ময়।
“সে মাথা ঘুরে পড়ে যায় এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে।”
এ সময় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালেরর জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সামাদ জানান, তন্ময়কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, ওই ছাত্রের রক্তশূন্য ও ফ্যাকাসে শরীর দেখে মনে হয়েছে, দীর্ঘদিন ধরেই পুষ্টিহীনতায় ভুগছিল সে।
তন্ময়ের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর একইভাবে অসুস্থ হয়ে পড়ে তার সহপাঠী মিজানুর।
সে জানায়, বিস্কুট খাওয়ার আগে সে ও তন্ময় চুইংগাম কিনে খেয়েছিল। এর পর থেকেই তার বমি বমি লাগছিল।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান জানান, খাদ্য বিষক্রিয়ার কারণে মিজানুর অসুস্থ হয়ে পড়েছে। একই কারণে তন্ময়ের মৃত্যু হতে পারে।
তবে শ্রেণি শিক্ষক রেহেনা খাতুন বলেন, “স্কুলের বিস্কুট খেয়ে এটি হয়নি। তাহলে তো অন্যরাও অসুস্থ হয়ে পড়তো।”
