শাবি’র বিবিএ বিভাগে শিক্ষার্থীদের তালা
বিভাগীয় প্রধান অধ্যাপক নজরুল ইসলামের অপসারণ দাবিতে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ৯টায় বিভাগীয় প্রধান ও বিভাগের শ্রেণিকক্ষে তালা দিয়ে শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন।
অধ্যাপক নজরুল ইসলাম ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপশি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে কর্মরত আছেন।দুটি পদ থেকে অধ্যাপক নজরুলের অপসারণ দাবিতে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এ অধ্যাপকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বিলম্ব, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজে অনুপস্থিতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধাসহ বিভিন্ন অভিযোগে গত রোববার উপাচার্যের কাছে স্মারকলিপি দেন এ বিভাগের শিক্ষার্থীরা।
একই দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করেন তারা। সেখান থেকে তারা দাবি বাস্তবায়ন না হলে বিভাগে তালা দেয়ার ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভাগীয় প্রধানের অপসারণসহ ১০ দফা দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। প্রশাসন তা পূরণ করেনি।তাই বিভাগে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
অবস্থান ধর্মঘট চলাকালে সকাল সাড়ে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রক্টর হিমাদ্রী শেখর রায়।
অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত।ভিসি স্যার ঢাকায় আছেন।তিনি এলে সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে বিভাগীয় প্রধানসহ বিভাগের শিক্ষকদেরও বলেছি তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেন।”
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক।কোন্ দাবিতে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে তা আমার কাছে বোধগাম্য নয়।
