গাজীপুরে ফের গণপিটুনি, নিহত ২
গাজীপুরে ছেলেধরা সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার দুদনি পর ফের দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি আনসার ভবনের সামনে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক নারী নিহত হন। তার পরিচয় জানা যায়নি। তবে আনুমানিক বয়স ৩৬ বছর বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া চলাফেরা সন্দেহজনক মনে করে সকালে কোনাবাড়ির একটি পোশাক কারখানার সামনে আরেক যুবককে (৩৫) মারধর করা হয়। পরে দুপুরে তার মৃত্যু হয়।
ওই নারীর সঙ্গে রক্তমাখা কাপড় রয়েছে বলে হামলাকারীরা অভিযোগ করে।
মারধরের এক পর্যায়ে হামলাকারীরা ওই নারীর শরীরের কাপড়-চোপড়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে কেনাবাড়ির এনটিকেসি পোশাক কারখানার সামনে চলাফেরা সন্দেহজনক মনে করে অজ্ঞাত ওই যুবকের ওপর হামলা চালায় স্থানীয়রা। ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে এসআই মোস্তফা বলেন, পরে সেখান থেকে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত শনিবার দুপুরে ছেলেধরা সন্দেহে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গণপিটুনি দিয়ে মর্জিনা আক্তার (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে মেরে ফেলা হয়।
মর্জিনার বাড়ি কুড়িগ্রামের উলুপুর থানার তনুরাম গ্রামে। কালিয়াকৈরের সিনাবহ খন্দকারবাড়ি এলাকায় বোন জোসনা আক্তারের ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই ঘটনায় কালিয়াকৈর থানায় স্থানীয়দের বিরুদ্ধে মামলা হয়েছে।
