২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা: নোয়াখালীতে মানববন্ধন 

ধর্ষণ, হত্যাসহ বিভিন্নভাবে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার নোয়াখালী শহরে মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

সকাল ১১টায় টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে শিশু কিশোর মেলা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সম্প্রতি দেশে নারীধর্ষণ, হত্যা, অপহরণ ও এসিড নিক্ষেপের ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগের মধ্যে এ মানবন্ধন করা হল।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আনম জাহের উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিটুল তালুকদার, মহিলা ফোরাম সংগঠক তাজরীন জাহান তিথি, মুক্তা ইসলাম, শিশু কিশোর মেলা জেলা সংগঠক জসিম উদ্দিন খোকন, চারণ জেলা সংগঠক ফখরুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে যে যুবক মা ও বোনের ইজ্জত রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, আজ বড় লজ্জার বিষয় স্বাধীনতার ৪১ বছর পর স্বাধীন দেশে সে যুবক ৪ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করছে।

বক্তারা শিশু ও নারী ধর্ষণ, কলেজছাত্রীকে এসিড নিক্ষেপসহ ইতোমধ্যে ঘটে যাওয়া ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অমানবিক ও মূল্যবোধ বিবর্জিত কর্মকান্ড প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।