২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে হবিগঞ্জে ১০ জন নির্বাচিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 07:49 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

বৃহস্পতিবার শহরের আমিরচাঁন কমপ্লেক্সের কনফারেন্স হলে নির্বাচিতদের হাতে তুলে দেয়া হয় সনদ।

এর আগে বুধবার জেলার রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাছাই পরীক্ষা ও শিশু সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, সুনামগঞ্জ ও সিলেটের পর হবিগঞ্জে এই শিশু সাংবাদিকরা নির্বাচিত হলো।

হবিগঞ্জে নির্বাচিত শিশু সাংবাদিকরা হলো- ইশফাতুল মজিদ চৌধুরী ইশমাম, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, ফারাবী চৌধুরী, আনোয়ার হাকিম তামিম, তালুকদার নুসরাত জাহান মুন্নী, হাসিন শাহরিয়ার, নুসরাত জাহান রিয়া, ইফতেখার আহমেদ ফাগুন, প্লাবন কুমার বিশ্বাস, মোছাম্মৎ রওশন আরা আক্তার।

জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার নির্বাচিত এই শিশু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন।

তিনি বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সাহস থাকতে হয়। জনগণের আস্থা অর্জন করতে হয়।

‘হলুদ সাংবাদিকতা’ বর্জন করে মানুষের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবাদ উপস্থাপনের ওপর জোর দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন শিশু সাংবাদিক অনুসন্ধান দলের প্রধান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো। সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী। শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে সহযোগিতা করেন অনুসন্ধান দলের সদস্য ইবনুল কাইয়ুম সনি।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যেগে শিশুদের সংবাদ সেবা চালুর প্রস্তুতি হিসেবে শিশু সাংবাদিক নির্বাচন করা হচ্ছে।