অর্থপাচার: মামুনের আবেদনও হাই কোর্টে খারিজ
সরকারের অনুমতি না নেয়ায় গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলার কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের তৃতীয় বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে এই মামলার আসামি তারেক রহমানের একই ধরনের আবেদন নিষ্পত্তি করে দিয়েছিল আপিল বিভাগ।
আদেশে বলা হয়, “এই মামলায় আবেদনকারীর আইনজীবী মওদুদ আহমদের বক্তব্যের কোনো সারবত্তা আমরা খুঁজে পাইনি। তিনি যেসব পয়েন্ট উত্থাপন করেছেন সেগুলো ইতিপূর্বে তারেক রহমানের মামলায় আপিল বিভাগ চূড়ান্ত করে দিয়েছে। তাই সেটেলড বিষয়ে রুল ইস্যু করে আমরা রিসেটেলড করতে চাই না। আবেদনকারীর আইনজীবীরা নতুন কোনো পয়েন্ট উত্থাপন করতে পারেন নাই।”
আদেশের পর মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৃতীয় বেঞ্চের বিচারপতি মামুনের আবেদন খারিজ করে দিয়েছেন।
অবশ্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তারা হাই কোর্টে নতুন পয়েন্টই উত্থাপন করেছেন। কিন্তু হাই কোর্ট সেদিকে যায়নি।
শিগগিরই তারা এ বিষয়ে আপিল বিভাগে যাবেন বলে জানান মামুনের এই আইনজীবী।
এর আগে গত ২৭ নভেম্বর হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দেয়। ওইদিন জ্যেষ্ঠ বিচারপতি আবদুল আউয়াল রুল জারি করলেও কণিষ্ঠ বিচারপতি মো. ফারুক (এম ফারুক) রুল জারি না করে আবেদনটি খারিজ করে দেন।
গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। তারেকও এই মামলার আসামি।
নিম্ন আদালতে এর কার্যক্রম চলছে। বৃহস্পতিবার এই মামলায় মামুনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
এই মামলা চলতে পারে না মর্মে আর্জি নিয়ে আইনি প্রশ্নে তারেক উচ্চ আদালতের শরণাপন্ন হন। মামলা চলার পক্ষে আপিল বিভাগ পর্যবেক্ষণ দিয়ে ওই আবেদন নিষ্পত্তি করে দেয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক ও মো. খুরশীদ আলম খান।
বর্তমানে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার বিচার চলছে। সপ্তম সাক্ষীকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।
সরকারের অনুমতি না নিয়ে এই মামলার কার্যক্রম চলতে পারে না- যুক্তি দেখিয়ে মামুন বিচারিক আদালতে একটি আবেদন করেছিলেন, যা গত ১৮ অক্টোবর খারিজ হয়ে যায়। ওই আদেশের বিরুদ্ধে গত সপ্তাহে হাই কোর্টে রিভিশন দায়ের করেন গিয়াস উদ্দিন আল মামুন।
রিভিশন আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন। এই রুলে বিশেষ জজ আদালতের বিচারকের খারিজ আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ তারেক রহমানের মাধ্যমে পাইয়ে দেওয়ার কথা বলে খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে মামুন। পরে তা সিঙ্গাপুর পাচার করা হয়।
