২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে আনোয়ারায়

সরকারের মেয়াদের শেষ বছরে এসে জাতীয় সংসদের জন্য নিজেদের নতুন প্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের ভোটাররা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 03:49 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এই উপনির্বাচনের সহকারী নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ আসনের মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৬০টি আনোয়ারায়, বাকি ৩০টি পশ্চিম পটিয়ায়। ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ২৫৭ জন ভোটার, যার মধ্যে নারী এক লাখ ২৩ হাজার ৯৬৪ জন, বাকি ১ লাখ ২৬ হাজার ২৯৩ জন পুরুষ।

দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটরদের উপস্থিতি একেবারেই কম। সব দলের প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যেও নির্বাচনী উত্তাপ নেই।

আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরামের উজ্জ্বল ভৌমিক এ নির্বাচনে লড়ছেন।

সকাল সাড়ে ৮টায় বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রে ঘুরে দেখে জাবেদ সাংবাদিকদের বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

সকাল পৌনে ৯টা পর্যন্ত ওই কেন্দ্রের মোট ২৬০৩ জন ভোটারের মধ্যে ১১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বলেন, “উপ নির্বাচনে এমনিতেই উৎসবের আমেজ খুব একটা থাকে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে আমি আশা করি।” 

সকাল ১১ টায় খিলপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন উজ্জ্বল। সাংবাদিকদের কাছে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ জানালেও তিনি অভিযোগ করেন, বৈরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান বলেন, “সুষ্ঠুভাবেই সবাই ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাও বাড়ছে।”

সকাল ১১টা পর্যন্ত ওই কেন্দ্রের মোট ১ হাজার ৭৩৬ জন ভোটারের মধ্যে ১৫৫ জন ভোট দেন।

স্থানীয় দোকানী লোকমান হোসেন বলেন, “মাত্র আট-নয় মাসের জন্য নির্বাচন হচ্ছে। তাই ভোটারদের আগ্রহ কম। তাছাড়া আগের এমপি আক্তারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরীর বিপরীতে শক্ত কোনো প্রার্থীও নেই।”

তরুণ ভোটার আরাফাত হোসেন বলেন, “গতবারই আমি প্রথম ভোট দেই। তখন সব জায়গায় একটা উৎসবের আমেজ ছিলো। এবার তা নেই ”

বিজয় কৃষ্ণ নাথ ও খোকন দাস নামে আরো দুই ভোটার বলেন, “অল্প সময়ের এই নির্বাচন নিয়ে সকলের আগ্রহ কম। শহর থেকে অনেকেই ভোট দিতে আসেননি। মহিলা ভোটারদের উপস্থিতিও খুবই কম।”

গত ৪ নভেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

ফরহাদ আহম্মদ খান জানান, ভোটের সরঞ্জাম বুধবারই সব কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়। ৯০টি কেন্দ্রে মোট ৬১৫টি কক্ষে ৭০৫টি ব্যালট বাক্সে ভোট নেয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার সাংবাদিকদের জানান, নির্বাচন শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বাহিনীর চার হাজার সদস্য নিয়োজিত রয়েছেন।

এর মধ্যে এক হাজার ৩৫০ জন পুলিশ সদস্য ছাড়াও উপকূলীয় এলাকাগুলোতে কোস্ট গার্ড ও বিজিবি সদস্যরা রয়েছেন।

এছাড়া নির্বাচনচলাকালীন ও পরবর্তী সময়ে নিরাপত্তা রক্ষায় ২৫০ জন র‌্যাব সদস্য নিয়োজিত থাকছেন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কমান্ডার মো. সাইফুল করিম।

২৫ জন নির্বাহী ম্যজিস্ট্রেট ও তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট সার্বিক বিষয়গুলোর দেখভাল করছেন।